২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: মানিকগঞ্জে ৬ হাজার মুরগি নিধন

বার্ড ফ্লু'র সংক্রমণ দেখা দেওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি খামারের ৬ হাজার মুরগি নিধন এবং ২৯ হাজার ডিম নষ্ট করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

মানিকগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু'র সংক্রমণ দেখা দেওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি খামারের ৬ হাজার মুরগি নিধন এবং ২৯ হাজার ডিম নষ্ট করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এসব মুরগি ও ডিম মাটি চাপা দেয়। এসময় সেখানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়কোবাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ও বুধবার সকালে উপজেলার উত্তর কাশাদহ গ্রামের পাইওনিয়ার ব্রিডাস লিমিটেড-এর এসব মুরগি ও ডিম মাটিতে পুঁতে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন দিন ধরে খামারের মুরগি মরা শুরু হলে প্রথমে গাজীপুরের কাজী ফার্মে নিয়ে পরীক্ষা করা হয়। এতে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে। পরে তা ঢাকার কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হয়। মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক হোসেন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশু রোগ নির্ণয় কেন্দ্রে পরীক্ষার পর বার্ড ফ্লু নিশ্চিত করা হয়। আনোয়ার জানান, স্থানীয় কৃষি ব্যাংক থেকে ১ কোটি ৪৩ লাখ টাকা ঋণ নিয়ে ২০০২ সালে এই খামারটি গড়ে তুলেন তিনি। তিনি দাবি করেন, বার্ড ফ্লু'র কারণে তার প্রায় ৩ কোটি ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪২৬ ঘ.