২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বারের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪টি পদের জন্য দুদিনব্যাপী ভোটের লড়াইয়ে প্রথম দিন বুধবার মোট ভোট পড়েছে ৯৮২টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 05:31 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪টি পদের জন্য দুদিনব্যাপী ভোটের লড়াইয়ে প্রথম দিন বুধবার মোট ভোট পড়েছে ৯৮২টি। বিকালে নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. হারুনর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম দিনের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। মোট ৯৮২টি ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর আগে সকাল ১১টা ১০ মিনিটে সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনের ভোটগ্রহণ চলে। নির্বাচন উপ-কমিটির সদস্য আমিনুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করা যাবে বলে আশা করছি। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির এ নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলসহ জাতীয় রাজনীতিতে সক্রিয় আইনজীবী নেতাদের ব্যাপক তৎপরতা ছিল। নির্বাচন উপলক্ষে সমিতি ভবনে যান বিচারপতি টিএইচ খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার আমিনুল হক, মীর্জা আব্বাস, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যারিস্টার শাহজাহান ওমর, আমির হোসেন আমু, আব্দুল মতিন খসরু, ইউসুফ হোসেন হুমায়ুন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। জয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের আইনজীবী নেতাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন। নিজ নিজ দলের কোন্দল মিটিয়ে ফেলারও চেষ্টা করেছেন নেতারা। সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৩৬ জন প্রার্থী হয়েছেন। মোট ভোটার ২ হাজার ৩১০ জন। গত ১ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আব্দুল বাসেত মজুমদার এবং সম্পাদক পদে এসএম আবুল হোসেন প্রার্থী হয়েছেন। এছাড়া একেএম জগলুল হায়দার সহ-সভাপতি পদে, কেএম সাইফুদ্দিন আহমেদ সহ-সভাপতি, জেসমিন সুলতানা কোষাধ্যক্ষ, এসএম মাসুদ হোসাইন দোলন সহ-সম্পাদক, এসএম জহুরুল ইসলাম সহ-সম্পাদক এবং জেসমিন আক্তার কেয়া, মো. আব্দুস সাত্তার সিদ্দিকী, মো. আনোয়ার হোসেন রেজা, মো. বাহার উদ্দিন আল-রাজী, সঞ্চিতা সাহা, শোভানা বানু ও স্বপন কুমার দত্ত সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন এ প্যানেল থেকে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল প্রার্থী হয়েছেন। এছাড়া ফাহিমা নাসরিন মুন্নী কোষাধ্যক্ষ, এএইচএম কামরুজ্জামান মামুন সহ-সম্পাদক, গোলাম নূর তরুণ সহ-সম্পাদক ও এএমএম মোক্তার কবির খান, মারজিনা রায়হান মদিনা, বেগম দেলোয়ারা হাবিব, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শওকত আরা বেগম দুলালী, মো. আছরারুল হক, মো. শহিদুল ইসলাম সদস্য পদের জন্য লড়ছেন। ইন্ডিপেনডেন্ট লইয়ার্স ফোরাম থেকে পাঁচজন এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ প্যানেল থেকে মো. শাহজাহান সম্পাদক পদে, মো. তারেক এম চৌধুরী সহ-সভাপতি পদে, সৈয়দ মতিউল ইসলাম সহ-সভাপতি, মো. আবুল কালাম আজাদ সহ-সম্পাদক এবং মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া সদস্য পদের জন্য লড়ছেন। বিএনপি থেকে বহিষ্কারের কারণে নাজমুল হুদা শুরুতে এ প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণা দিলেও বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে 'সমঝোতা' হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে সভাপতি পদে জাকির হোসেন এবং সহ-সম্পাদক পদে এবিএম শফিকুল ইসলাম বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সদস্য পদে আরো একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সমিতির বিগত নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থক প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে এবং আওয়ামী লীগ সমর্থক প্যানেল একজন সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ৭টি পদে বিজয়ী হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/আরএ/১৯১৬ ঘ.