২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার আবেদন

পঁচিশ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘে আবেদন করার আহ্বান জানান শাহরিয়ার কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

গাইবান্ধা, ২২ মার্চ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঁচিশ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘে আবেদন করার আহ্বান জানান শাহরিয়ার কবীর। দেশে দেশে সংঘটিত গণহত্যার কথা স্মরণে রেখে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান '৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় এই নির্বাহী সভাপতি। মঙ্গলবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে '৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। শাহরিয়ার কবির বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হলেও বিচার ত্বরান্বিত হচ্ছে না। '৭২-এর সংবিধান পুন:প্রবর্তন ও যুদ্ধপরাধীদের বিচার দ্রুত করতে হবে। ঘাতক দালাল নির্মূল কমিটি আগামী ২৫ মার্চ সন্ধ্যায় সারাদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে সংঘটিত গণহত্যাকে ধিক্কার জানাবে, বলেন তিনি। নির্মূল কমিটির জেলা নেতা জিয়াউল হক জনির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বায়োজিদ আক্কাস, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব আমিনুজ্জামান রিংকু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.