গাজীপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে র্যাবের হাতে আটক অর্ধশতাধিক তরুণের বিরুদ্ধে মঙ্গলবার জয়দেবপুর থানায় দুইটি মামলা হয়েছে।
সোমবার বিকালে সদর উপজেলার পুবাইলে জমি দখল করতে গেলে পিস্তল, গুলি ও ছোরাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে একটি এবং জমির মালিক দাবিদার শেখ মকবুল হোসেন বাদী হয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে অপর মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে অস্ত্র আইনের চার অভিযুক্তের জন্য সাতদিন পুলিশ হেফাজতের আবেদন করা হয়।
মুখ্য বিচার বিভাগীয় হাকিম বুধবার রিমান্ড শুনানি দিন ধার্য তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. কবির হোসেন বলেন, এসআই জামাল উদ্দিনের দায়ের করা অস্ত্র মামলায় মিজানুর রহমান (৫৫), মো. আলমগীর হোসেন (২৯), হারুন অর রশিদ (৩২) ও মীর মোশারফ হোসেনকে আসামি করা হয়।
এছাড়া শেখ মকবুল হোসেনের সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় ৫৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, পুবাইল এলাকার মকবুল হোসেনের ১২ শতাংশ পৈতৃক জমি নিয়ে স্থানীয় সুমন শেখের সঙ্গে বিরোধ চলছিল।
সোমবার বিকালে সুমন শেখের লোকজন ওই জমিটি দখল করতে গেলে র্যাব ৫৫ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও সাতটি ছোরা উদ্ধার করা হয়েছে।
এছাড়া তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস ও দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24