২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোর করে বিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাবার কাছে ফেরানোর নির্দেশ

রাজধানীতে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে করিয়ে আটকে রাখার ঘটনায় মেয়েটিকে উদ্ধারের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে করিয়ে আটকে রাখার ঘটনায় মেয়েটিকে উদ্ধারের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার পুরনো কচুক্ষেত এলাকার মো. হেলালের করার মামলায় তার মেয়েকে ৩১ মার্চের মধ্যে উদ্ধারে পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকার নির্বাহী হাকিম সেলিম হোসেন। বুধবারই হেলালের জবানবন্দি নেন হাকিম। এরপর তিনি মেয়েটিকে উদ্ধারে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। হেলালের অভিযোগ, তার ১০ বছর বয়সী মেয়ে তাসলিমার সঙ্গে আসামি মো. আবুল হাসেম (৫২) তার ১২ বছর বয়সী ছেলে কাঞ্চনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখান করায় হাসেম গত ২৭ জানুয়ারি তাসলিমাকে কাফরুল এলাকার বিএডি গার্মেন্টসের পাশে তার বাড়িতে নিয়ে আটকে রাখেন। সেখানে স্থানীয় সাগরিকা বস্তি মসজিদের ইমাম ডেকে তাসলিমাকে ছেলে কাঞ্চনের সঙ্গে বিয়ে পড়িয়ে দেন। মামলার আরজিতে বলা হয়, বাদি ও আসামিরা একই এলাকা অর্থাৎ কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া মোড়লপাড়ার অধিবাসী। তারা আগে থেকেই একে অন্যের সঙ্গে পরিচিত ছিলেন। মো. আবুল হাসেম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন হাসেমের স্ত্রী মোছা. রুনা (৪০), হাসেমের আরেক ছেলে জাহাঙ্গীর (২৮), কাঞ্চন(১২), মো. আবুল মালেক (৫০), কাফরুলের সাগরিকা বস্তি মসজিদের ইমাম মৌলভী কামরুজ্জামান (৪৫), নূরুল ইসলাম (৪২) ও গিয়াস উদ্দিন(৩৫)। বাদির আইনজীবী আবদুর রউফ আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামি ৩১ মার্চের মধ্যে তাসলিমাকে উদ্ধার করে তার বাবার কাছে সমর্পণ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯১৩ ঘ.