২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের তোপের মুখে ফিরে গেল পুলিশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ছাদে নির্মিত টিনশেড ঘর ভাঙতে গিয়ে আইনজীবীদের তোপের মুখে ফিরে গেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ছাদে নির্মিত টিনশেড ঘর ভাঙতে গিয়ে আইনজীবীদের তোপের মুখে ফিরে গেছে পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবন ও আদালত ভবনে বিক্ষোভ করে। পরে এক প্রেস ব্রিফিংয়ে আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, "প্রধান বিচারপতি বা আইনজীবী সমিতির নেতাদের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টে পুলিশ আসার ঘটনা নজিরবিহীন। স্থাপনা ভাঙার জন্য উচ্চ আদালতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ আসারও কোন দৃষ্টান্ত নেই।" তিনি বলেন, "আমরা খতিয়ে দেখেছি, আইনজীবী সমিতি ভবনের ছাদে অস্থায়ী টিনশেড ঘর করলে এই ভবনের কোন ক্ষতি হবে না। সে অনুযায়ী এই ঘর নির্মাণ করা হয়েছে। এ ধরণের ঘর নির্মাণে কারো অনুমতিও লাগে না।" মাহবুব হোসেন বলেন, "দাঙ্গা পুলিশের নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, "তিনি রাজউক চেয়ারম্যানের নির্দেশে এসেছেন। তবে কোন কাগজপত্র দেখাতে পারেননি।" গত ৬ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত আদেশে 'কেন অবৈধ স্থাপনা ভাঙার আদেশ দেওয়া হবে না' এই মর্মে রুল জারি করে। আদালত একই সঙ্গে ওই ঘর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/ ১৬৩১ ঘ.