২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলা: প্রতিবেদন দাখিলের সময় ফের পেছালো

২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পিছিয়েছে। ১৫ দিন সময় বেঁধে দিয়ে আগামী ২৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আক্তারুজ্জামান তদন্ত কর্মকর্তার ৬০ দিন সময় বাড়ানোর আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিচারক মৌখিকভাবে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানকে আর কোনো সময় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন। ওই ঘটনায় দায়ের বিস্ফোরক মামলার মতো এ মামলায়ও এ নিয়ে অষ্টমবারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো। এ মামলায় একই তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২২ নভেম্বর সময় বাড়ানোর আবেদন করেন। এর আগে গত ১ মার্চ বিস্ফোরক মামলায় ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ৪ এপ্রিল তারিখ ধার্য করেন। বিচারক রাষ্ট্রপক্ষকে ওই সময়ের মধ্যে যেন প্রতিবেদন দাখিল করা হয় সে ব্যাপারে সতর্কও করে দিয়েছিলেন। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। পরে হত্যা, হত্যা চেষ্টা এবং বিষ্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ,নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দু'টি অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৪০ ঘ.