ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একই ভবন থেকে সাংসদের মেয়েকে অপহরণ ও স্কুলছাত্রী টুম্পা হত্যায় একই ব্যক্তি জড়িত বলে ধারণা করছে পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের অভিযান অব্যাহত আছে। হৃদয় গ্রেপ্তার হলেই দুইটি ঘটনাই স্পষ্ট হয়ে যাবে।
তিনি জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও এই দুইটি ঘটনা তদন্ত করছে।
শনিবার রাতে সেগুনবাগিচা হাসিনুর গ্রীন কটেজের বাসার সামনে থেকে মেয়ে অপহৃত হওয়ার অভিযোগে মামলা করেন সরকারদলীয় সংসদ সদস্য আফজাল হোসেন। মামলায় হৃদয়কে আসামি করা হয়।
এদিকে টুম্পা হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া সাইদুর রহমান ও নুরুল হকের কাছ থেকে পুলিশ কোনো তথ্য পায়নি। তারা বর্তমানে পুলিশ হেফাজতে (রিমান্ড) রয়েছে।
গত ১৪ ফেব্র"য়ারি সেগুনবাগিচা রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী আয়েশা চৌধুরি টুম্পা (১৬) হাসিনুর গ্রীন কটেজের বাসার তিন তলা থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৬ ফেব্র"য়ারি সিদ্ধিরগঞ্জ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অপহরণে একই গাড়ি?
শাহবাগ থানার উপ-পরিদর্শক ও অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা মোক্তার হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণ মামলার আসামি ও একই ভবন থেকে বের হয়ে খুন হওয়া ট্ম্পুা হত্যার ঘটনায় জড়িতদের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বেশ কিছু তথ্য হাতে এসেছে যা তদন্ত করে দেখা হচ্ছে।"
তিনি জানান, টুম্পাকে হত্যার আগে অপহরণের জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই একই গাড়ি সাংসদের মেয়েকে অপহরণে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন মোক্তার হোসেন।
আতঙ্কে পরিবার
সেগুবাগিচার গ্রীন কটেজের ৪ ও ৫ তলায় (ডুপ্লেক্স) বাসায় থাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত আফজাল হোসেনের পরিবার।
মেয়েটি চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। এর আগের দুইটি পরীক্ষায় অংশ নিলেও মঙ্গলবার পরীক্ষা দিতে পারেনি।
আফজাল হোসেনের ভাইয়ের ছেলে রুবেল আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহৃতের ছোট তিন বোন ও এক ভাই আতঙ্কে দিন কাটাচ্ছে। খুব একটা প্রয়োজন না হলে কেউ বের হয় না। বের হলেও সঙ্গে কোনো না কোনো আত্মীয়-স্বজন থাকে।
পরিবারের সন্দেহ হৃদয়কে
অপহরণের ঘটনায় তারা এলাকার আসাদুজ্জামান হৃদয় নামের এক বখাটে যুবককে সন্দেহ করছেন বলে জানান রুবেল।
অপহরণের কারণ সম্পর্কে ধারণা দিতে গিয়ে রুবেল জানান, প্রায় এক বছর আগে হৃদয়দের বাড়ির ছাদে এক অনুষ্ঠানে রাতে গান-বাজনা হচ্ছিল।
সেসময় স্কুলগুলোতে পরীক্ষা চলছিল। এক পর্যায়ে গান বন্ধ করার ব্যাপারে অনেকের অনুরোধের প্রেক্ষিতে আফজাল হোসেন রাতেই হৃদয়ের বাসায় যান বলে জানান রুবেল।
"সেখানে তাকে অপমান করা হয়," জানিয়ে রুবেল বলেন, "এই ঘটনার প্রতিশোধ নিতেই এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩১৭ ঘ.
bdnews24