২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট সাংবাদিক পেলেন 'কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স'

স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দেশের আট সাংবাদিককে 'কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম ২০১১' পুরস্কার দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দেশের আট সাংবাদিককে 'কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম ২০১১' পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা ও স্থিরচিত্র- এই চার ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীরা হলেন, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি নাশরাত আর্শিয়ানা চৌধুরী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন আখতার, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর স্টাফ করেসপন্ডেন্ট জাকিয়া আহমেদ, এটিএন নিউজ-এর বিশেষ প্রতিনিধি মাসুদুল হক, বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কিশোয়ার লায়লা ও দেশ টেলিভিশনের রিপোর্টার সাজিদুল হক এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটোগ্রাফার সুবীর কুমার। পুরস্কার হিসেবে প্রত্যেক সাংবাদিককে একটি করে ক্রেস্ট, সনদ, অর্থ ও বিমানের টিকিট দেওয়া হয়। ইত্তিহাদ ও জিএমজি এয়ারলাইন্স সরবরাহ করবে বিমানের টিকিট। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) ও ঢাকাস্থ কানাডীয় হাই কমিশন যৌথভাবে এ পুরস্কার প্রবর্তন করে। এ নিয়ে চতুর্থবার এই পুরস্কার দেওয়া হলো। ছয় সদস্যের বিচারক প্যানেল ২১০টি প্রতিবেদন ও ছবি থেকে ওই আটজনকে বাছাই করে। বিসিডিজেসি'র প্রেসিডেন্ট নাঈমুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার রবার্ট ম্যাকডোগাল, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সভাপতি ও ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম এবং ইত্তিহাদ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার খন্দকার এ কবির ও জিএমজি এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং আসিফ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এইচএ/২১৩৮ ঘ.