ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক সেমিনারে খাবার নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
বাংলাদেশ পরিসংখ্যান সমিতি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 'পপুলেশন অ্যান্ড হাউজিং সেনসাস-২০১১: স্টাটিস্টিক্যাল অপারেশন অফ ন্যাশনাল ইমপরটেন্ট' শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।
বেলা ১১টায় অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলে নাস্তা বিতরণ করা হয়। নাস্তা না পেয়ে পরিসংখ্যান ব্যুরোর অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীর সামনেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
এক পর্যায়ে তারা মিলনায়তন থেকে বের হয়ে শুক্রবার আর কাজ করবেন না বলে ঘোষণা দেন।
আদমশুমারি সংক্রান্ত কাজে শুক্রবারও অফিস করছেন এই অধিদপ্তরের কর্মকতা-কর্মচারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, হট্টগোলকারীরা পরিসংখ্যান ব্যুরোর মালামাল ও ভাউচার গ্রহণ বিভাগে কর্মরত। সাংবাদিক পরিচয় পেয়ে তাদের কেউই নাম পরিচয় প্রকাশ করেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, মহাপরিচালকের (ডিজি) নির্দেশ ছিলো অনুষ্ঠানের দিন মিলনায়তন ভরাতে হবে। তাই তারা শুক্রবার তাদের কাজ ফেলে অনুষ্ঠানে যোগ দেন।
"ডেকে নিয়ে আমাদের অপমান করা হয়েছে, তাই হট্টগোল করেছি", বলেন এই কর্মচারী।
এ বিষয়ে কথা বলতে চাইলে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার সাংবাদিক পরিচয় শুনেই বলেন, "আপনার সঙ্গে এক মিনিটও কথা বলার মতো সময় নেই।"
এরপর তিনি তিন-চার মিনিট ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে বোঝাতে থাকেন, কেন তিনি এক মিনিটও কথা বলতে পারবেন না।
পরে রশিদ বলেন, "যারা হট্টগোল করেছে তাদের চিহ্নিত করা হবে।"
"প্যাকেট তো ছিলো তিন-চার শ। তাহলে কম পড়লো কীভাবে", প্রশ্ন রাখেন সমিতির সাধারণ সম্পাদক।
সমিতির সভাপতি এম নুরুল ইসলাম বলেন, "আমি মন্ত্রীকে নিয়ে মিলনায়তন থেকে বের হওয়ার সময় হট্টগোলের শব্দ শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।"
পরিসংখ্যান ব্যুরোর সহকারী পরিসংখ্যান কর্মকর্তা এএইচএম গোলাম রহমানী বলেন, নাস্তা না পেয়ে কর্মচারীরা হট্টগোল করেছে বলে তিনি শুনেছেন।
কর্মচারীদের অনুষ্ঠানে ডেকে নেওয়া হয়েছিলো বলে স্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬০৫ ঘ.
bdnews24