ময়মনসিংহ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলপুরে মা ও দুই মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বাট্টা গ্রাম থেকে সোমবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।
নিহতরা হলেন ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী খোদেজা খাতুন (৪৫) এবং তাদের দুই মেয়ে জহুরা খাতুন (২২) ও মুর্শেদা (১১)।
এরমধ্যে প্রতিবন্ধী জহুরার লাশ উদ্ধার করা হয় ঘর থেকে এবং বাকি দু'জনের লাশ উদ্ধার করা হয় বাড়ির পাশে পুকুর থেকে।
ফুলপুর থানার ওসি আব্দুল হান্নান এস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই তিন জনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই হত্যা রহস্য উন্মোচিত হবে বলে আশা করা যায়।"
আলী হোসেন একটি মামলায় শুক্রবার থেকে পলাতক রয়েছেন বলে জানান তিনি।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের আত্মীয় স্বজনরা অভিযোগ করেন, একই গ্রামের এক প্রভাবশালীর সাথে আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। তবে মারামারিতে কেউ হতাহত হয়নি।
পরে প্রতিপক্ষ ফুলপুর থানায় আলী হোসেন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই থেকে আলী হোসেন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৭ ঘ.
bdnews24