২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধানে স্বাধীনতার ঘোষণাও রাখতে হবে'

স্বাধীনতার ঘোষণাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার সুপারিশ করবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ঘোষণাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার সুপারিশ করবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত রোববার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা স্বাধীনতার ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলব, কারণ এই ঘোষণার মাধ্যমেই বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র করা হয়েছে।" তিনি জানান, এ বিষয়ে সুপারিশ করার জন্য সংসদীয় কমিটি আগামী ১৫ ফেব্র"য়ারি বৈঠকে বসবে। সুরঞ্জিত বলেন, "স্বাধীনতার ঘোষণা হচ্ছে আমাদের প্রথম সংবিধান।" সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী রোববার ১৯৭২ সালের সংবিধান পুনর্মুদ্রণ করে সরকার। আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের সংবিধান প্রতিস্থাপনেরও নির্দেশ দিয়েছিল। এর আগে গত বুধবার কমিটির কো-চেয়ারম্যান জানান, সংবিধানে ১৯৭২ সালের 'প্রস্তাবনা' ফিরিয়ে আনার সুপারিশ করবে বিশেষ কমিটি। ১৯৭৭ সালে জেনারেল জিয়াউর রহমান এক সামরিক আদেশে ১৯৭২ সালের সংবিধান সংশোধন করে প্রস্তাবনায় 'বিসমিল্লাহির-রহমানির রহিম', 'দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে' ও 'সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' অন্তর্ভুক্ত করেন। সেইসঙ্গে 'জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের' শব্দবন্ধটি 'জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ' দিয়ে প্রতিস্থাপন করা হয়। ১৯৭৯ সালের এপ্রিলে বিএনপি নেতৃত্বাধীন দ্বিতীয় সংসদের মাধ্যমে ওই প্রস্তাবনাটি সংবিধানের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, যা পঞ্চম সংশোধনী হিসাবে পরিচিত। অবশ্য শুক্রবার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "বিসমিল্লাহির রাহমানির রাহিম রেখেই সংবিধান সংশোধন করা হবে।" ২০০৫ সালে বিএনপি সরকারের সময়ে হাইকোর্ট এক রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। তবে সরকারের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করে। ২০১০ সালে হাইকোর্টের রায় বহাল রেখে জিয়াউর রহমানের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। এরপর গত বছর ২১ জুলাাই সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে প্রধান করে সংবিধান সংশোধনে সুপারিশ প্রণয়নের জন্য ১৫ সদস্যের একটি একটি সংসদীয় কমিটি গঠন করা হয়। সংবিধান সংশোধন বিল উত্থাপনের জন্য কমিটির করা সুুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সংবিধান সংশোধনের বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/জেকে/২২৩৬ ঘ.