ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে 'একুশে পদক ২০১১' প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানানো হয়।
এর আগে ২০০৯ সালে ১৩ এবং ২০১০ সালে ১৫ জনকে মর্যাদাপূর্ণ এ পদক দেওয়া হয়।
সভায় জানানো হয়, ২০ ফেব্র"য়ারি সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।
সভায় সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম জানান, পদকের জন্য মনোনীত ব্যক্তিদের একটি সম্ভাব্য তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরো বলেন, এ বছর পদক দেওয়ার জন্য বিভিন্ন পর্যায় থেকে ১১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রস্তাব পাওয়া গিয়েছিলো। বাছাই করে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এ সভায় সভাপতিত্ব করেন।
একুশে পদক দেশের একটি জাতীয় পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রত্যেক বছরই গুণীজনদের এ পদক দেওয়া হয়।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়। পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান এককালীন নগদ এক লাখ টাকা, তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননা পান।
গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, সকল জেলা প্রশাসক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে মনোনয়ন প্রস্তাব নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২১৩৫ ঘ.
bdnews24