২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার জিম্মি উদ্ধারে সার্বিক সহযোগিতা দেবে'

বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণিতে জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে সরকার সহযোগিতা দেবে বলে আবারও আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণিতে জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে সরকার সহযোগিতা দেবে বলে আবারও আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোণা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আশা করছি জাহাজ ও নাবিকরা শিগগিরই উদ্ধার পাবে।" বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শাজাহান খান বলেন, "সমুদ্র পথে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের বিষয়ে সাধারণত মালিকপক্ষই জলদস্যুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে থাকে। তবে সরকার জাহাজ উদ্ধারের ব্যাপারে সার্বিক সহযোগিতা দিয়ে যাবে।" তিনি বলেন, জাহাজ মণি বর্তমানে সোমালিয়া উপকূলে জলদস্যুদের দখলে রয়েছে বলে জানা গেছে। "সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজ মালিকদের সঙ্গে ছিনতাইকারীদের আলোচনার অগ্রগতি হচ্ছে। আশা করা যায়, ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ও নাবিকরা শিগগিরই উদ্ধার পাবে।" গত ৫ ডিসেম্বর ভারতের কোচিন বন্দর থেকে তিনশ' নটিক্যাল মাইল দূরে আরব সাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এমভি জাহান মণি। জাহাজের ২৫ জন বাংলাদেশি নাবিক ও জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করে ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছাকাছি জাহান মণি নোঙর করে জলদস্যুরা। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, সোমালীয় জলদস্যুরা ২০১০ সালে বিভিন্ন দেশের মোট ৫৩টি জাহাজ ছিনতাই এবং ১ হাজার ১৮১ জন নাবিককে জিম্মি করে। মুক্তিপণের দাবিতে এই সময়ে অন্তত আটজনকে হত্যা করে তারা। ২০০৯ সালে এই জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া প্রতিটি জাহাজ ছাড়িয়ে আনতে গড়ে ৯০ দিন সময় লাগে। কিন্তু ২০১০ সালে এই সময় বেড়ে ১৪৩ দিনে দাঁড়ায়। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে দেশের তৃতীয় সমুদ্র বন্দর দক্ষিণাঞ্চলের পটুয়াখালীর রামনাবাদ চ্যানেলে পাইলট প্রজেক্ট হিসাবে চালু করার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে বিশ্বব্যাংক ও বিআইডব্লিউটিএ প্রতিনিধিরা স্থান পরিদর্শন করেছেন বলে জানান তিনি। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে রাজস্ব আয় হয়েছে দুই হাজার ৯২২ কোটি ৪০ লাখ টাকা। অপরদিকে এ বছরের জানুয়ারি পর্যন্ত মংলা বন্দরে আয় হয়েছে ১৩৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকা। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, "চলতি অর্থ বছরে ৭৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে তেলবাহী একটি মাদার ট্যাংকার ও দুইটি প্রোডাক্ট ক্যারিয়ার কেনার পরিকল্পনা রয়েছে।" কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর চারদিকে নৌ পথ চালু করার দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। তিনি বলেন, "আশুলিয়া থেকে ডেমরা হয়ে কাঁচপুর পর্যন্ত নৌ পথ উন্নয়নের কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে। একই বছরের জুলাই মাসে পূর্ণাঙ্গভাবে নৌ পথ চালু করা যাবে।" নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে নৌপরিবহণ মন্ত্রী সংসদকে জানান, রাশিয়া থেকে তিনটি জাহাজ এবং জাহাজ নির্মাণ বা কেনার শর্তে নরওয়ে, সুইডেন, ওডিএম ইউকে, ফ্রান্স ও ডেনমার্ক থেকে ১০৫ কোটি ৪৪ লাখ টাকার অনুদান পাওয়া গেছে। এডভোকেট তারানা হালিমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোগে জাহাজ নির্মাণ শিল্পের ভবিষ্যত সম্ভাবনার ব্যাপারে সব বিদেশি ঋণপত্র খোলার ক্ষেত্রে এক অঙ্কের সুদের হার নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/২১১৮ ঘ.