২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সামাজিক ব্যবসা নিয়ে প্রতারণা করছেন ইউনূস'

মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সামাজিক ব্যবসা খুলে মালিকানা ও ক্ষমতার অংশীদার পাওয়ার কথা বলে জনগণকে প্রতারিত করছেন মুহম্মদ ইউনূস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সামাজিক ব্যবসা খুলে মালিকানা ও ক্ষমতার অংশীদার পাওয়ার কথা বলে জনগণকে প্রতারিত করছেন মুহম্মদ ইউনূস। শনিবার রাজধানীর সিরডাপ চামেলী হাউজ মিলনায়তনে 'অর্থনৈতিক ও সামাজিক অধিকার এবং জনস্বার্থ মামলা' বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র কাউন্সেল কলিন গনসালভেসের পাবলিক লেকচারে তিনি একথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নাগরিক উদ্যোগ এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ এ লেকচারের আয়োজন করে। মিজানুর রহমান বলেন, জনস্বার্থ মামলার ক্ষেত্রে সবার সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। সীমান্তে ফেলানীসহ বিভিন্ন সময়ে হত্যার ঘটনা তুলে ধরে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, "ভারতের অভ্যন্তুরীণ বিষয়ে ভারত যতটা মানবাধিকার বিষয়ে তৎপরতা দেখায় বাইরের বিষয়ে ততটা না।" ফেলানী হত্যার বিষয় উল্লেখ করে তিনি বলেন, "সে সময় বাংলাদেশ থেকে শত চেষ্টা করেও ভারতের কোনো মানবাধিকার সংগঠনের সাড়া পাওয়া যায়নি।" ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট কলিন গনসালভেস ফেলানী হত্যাকে বিএসএফের 'হত্যাকাণ্ড' বলে অভিহিত করেন। তিনি বলেন, "ভারতের মানবাধিকার আইনের উন্নয়ন প্রয়োজন।" ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি রায় থেকে ভারত শিক্ষা নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। লেকচার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যরিস্টার সারা হোসেন ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজের উপ-পরিচালক উত্তম কুমার দাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২২৪৭ ঘ.