জামালপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে উত্তরা ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে রাজা মিয়া (৪২) ও মশিউর রহমান রাজু (৪৫) নামে আরো দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জামালপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধোলাইপাড় থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা, দুটি পাসপোর্ট, পাঁচটি মোবাইল ফোন ও একাধিক সিম উদ্ধার করা হয়।
রাজা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দক্ষিণ লস্করপুর এবং রাজু টঙ্গীবাড়ি থানার সিরাজাবাদ গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
২৬ জানুয়ারি রাতে উত্তরা ব্যাংক থেকে প্রায় ৪৫ লাখ টাকা লুট হয়। পুলিশ পরদিন ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরী সাইফুল, রমিজ ও রব নামে একজনকে গ্রেফতার করে।
পুলিশ সুপার জানান, রাজা ও রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকার ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ/প্রতিনিধি/সিএস/জেকে/২১৫৯ ঘ.
bdnews24