সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমিরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া-পূর্ণিমাগাতী সড়কের পুকুরপাড় এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত আমিরুল উপজেলার ছয়বাড়িয়া গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে উল্লাপাড়াগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আমিরুল মারা যায় এবং ভ্যানচালক সবুজ গুরুতর আহত হয়।
তিনি জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় টায়ারে জ্বালিয়ে সড়ক অবরোধ এবং দুটি ট্রাক ভাঙচুর করে।
তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০৭ ঘ.
bdnews24