২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে গাড়ির যন্ত্রাংশ চুরি বন্ধের দাবি বারভিডার

চট্টগ্রাম বন্দরে রিকন্ডিশন্ড গাড়ির যন্ত্রাংশ চুরি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোটার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে রিকন্ডিশন্ড গাড়ির যন্ত্রাংশ চুরি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোটার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বারভিডা নেতারা এ দাবি জানান। অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে বারভিডা সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু বলেন, "জেটিতে যন্ত্রাংশ চুরির কারণে গাড়ি ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।" বন্দরের ভেতরে যন্ত্রাংশ চুরির সঙ্গে শিপিং এজেন্টের কর্মচারী, বন্দরের নিজস্ব সিকিউরিটি ও মোটর পার্টস ব্যবসায়ীরা যুক্ত বলেও অভিযোগ করেন তিনি। আবদুল মান্নান চৌধুরী এই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীরা দেশের আমদানি খাতে সবচেয়ে বেশি রাজস্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, গত অর্থ বছরে এ খাত থেকে সরকার প্রায় তিন হাজার কোটি টাকার রাজস্ব পেয়েছে। গত ৬ ফেব্র"য়ারি বন্দরের এবি শেডে ছয়টি প্রাইভেট কার থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি হওয়ার তথ্য তুলে ধরে আবদুল মান্নান বলেন, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন গাড়ির ইঞ্জিন কন্ট্রোলার, টায়ার ডিভিডি, ব্যাটারি চুরি করে। বারভিডার সাধারণ সম্পাদক আবদুল হামিদ শরিফ দাবি করেন, প্রতিমাসে বন্দরের শেড থেকে প্রায় ১০ কোটি টাকার যন্ত্রাংশ চুরি যায়। আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্দরের পরিবর্তে বারভিডার হাতে দেওয়া এবং গাড়ির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে 'এলিভেটেড টাওয়ার পার্কিং' নির্মাণের দাবি জানান আবদুল মান্নান। অন্যদের মধ্যে বারভিডার সিনিয়র সহ-সভঅপতি মোহাম্মদ হাবীবুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক মশিউর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০০১ ঘ.