শরীয়তপুর, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হেনা আক্তার 'হত্যার' প্রধান আসামি মাহবুব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন নিজেদের হেফাজতে পেলো পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মনিরুজ্জামানের সাত দিনের আবেদনে বৃহস্পতিবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম অশোক কুমার দত্ত শুনানি শেষে পাঁচদিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি ও বাদিপক্ষের আইনজীবী রাশেদুল হাসান মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহবুবকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।"
ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে বুধবার রাত ৩টার দিকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নেওয়া হয়। রাতে নড়িয়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মাহবুবকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার একেএম শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে তা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।"
ফতোয়া দিয়ে দোররা মারার পর গত ৩১ জানুয়ারি চামটা গ্রামের দরবেশ খাঁর কিশোরী মেয়ে হেনার মৃত্যু হয়। পরদিন মাহবুবকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় হত্যা মামলা করেন দরবেশ খাঁ।
পরদিন পুলিশ এতে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। তারা এখন কারাগারে রয়েছে। তারা হলেন-স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. মফিজ, শিল্পী আক্তার, স্থানীয় মাতাব্বর লতিফ মীর মালত ও আলাবক্স করাতী।
বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হওয়ার পর আদালতের আদেশে গ্রেপ্তার করা হয় মামলার অন্যতম আসামি চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখকে।
তবে ফতোয়াদানকারী মাদ্রাসা শিক্ষক শাইদুর রহমানসহ অন্য ১২ আসামি এখনো পলাতক।
হেনার স্বজনদের বক্তব্য অনুযায়ী, চাচাতো ভাই মাহবুবের সঙ্গে সম্পর্ক নিয়ে ফতোয়ার শিকার হয় ওই কিশোরী। স্থানীয় সালিশে মাঝিবাড়ি মসজিদের ইমাম মো. মফিজ উদ্দিন, চামটা আবুল বাশার উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শাইদুর রহমান ১০১ দোররা মারার সিদ্ধান্ত দেয়।
হেনার মৃত্যুর বিষয়টি নজরে এলে উচ্চ আদালত এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য চায়। আদালতের আদেশে হেনার নতুন করে ময়নাতদন্তও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমআই/১৪২৫ ঘ.
bdnews24