২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। এতে নারী-শিশুসহ পাঁচজন আহত ও পরিবারের দুটি মূর্তি ভাংচুর করা হয়। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জিকেস দাস বাদি হয়ে বৃহস্পতিবার প্রথম প্রহরে সদর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা করেন বলে থানার ওসি শাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। মামলায় বাড়ি-ঘর ভাংচুর, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন- শাহজাহান মিয়া, জয়নাল মিয়া, সুলতান মিয়া, ফরহাদ মিয়া ও শাহেদ হোসেন। এর মধ্যে শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। হামলার পর নির্যাতিত পরিবার ও স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। পুলিশ হামলার শিকার সংখ্যালঘু পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ উঠে। এদিকে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান দারিয়াপুরের ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পাড়া পরিদর্শন করেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সম্ভাব্য যে কোনো হামলা এড়াতে সংখ্যালঘু পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সুপার জামিল আহম্মেদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২৩ ঘ.