২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জুনের মধ্যে ১২ থেকে ১৫ হাজার টাকায় ল্যাপটপ'

এ বছরের জুন মাসের মধ্যে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায় ল্যাপটপ মিলবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের জুন মাসের মধ্যে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায় ল্যাপটপ মিলবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বুধবার সংসদে সরকার দলীয় এক সাংসদের সম্পুরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, "আগামী জুনের মধ্যে ১২-১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ দিতে পারবো। দেশের সবাই তা ব্যবহার করতে পারবে।" সাংসদ তহুরা আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থ বছরে (২০০৯-১০) ডাক বিভাগ প্রায় সাড়ে ৯৪ কোটি টাকা লোকসান করেছে। "তবে গত কয়েক বছরের তুলনায় এ লোকসান অনেক কমে এসেছে। বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সঙ্গে সম্পৃক্ততা, ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস, পোস্টাল ক্যাশ কার্ড প্রবর্তণসহ সরকারের বিভিন্ন আধুনিক পদক্ষেপের ফলে চলতি অর্থ বছরে লোকসানের পরিমাণ আরো অনেক কমে আসবে", বলেন মন্ত্রী। তিনি জানান, ২০০৯-২০১০ অর্থ বছরে ডাক বিভাগ আয় করেছে ২৩৬ কোটি ৪২ লাখ ৫৬৭ টাকা। ব্যয় হয়েছে ৩৩০ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ৭২৯ টাকা। অর্থাৎ লোকসান হয়েছে ৯৪ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ১১২ টাকা। এর আগের বছরগুলোতে লোকসানের পরিমাণ ছিল আরো বেশি। ২০০৮-২০০৯ অর্থ বছরে লোকসানের পরিমাণ ছিল ১৪৬ কোটি ৬২ লাখ টাকা। ২০০৭-২০০৮ অর্থ বছরে ১৬৬ কোটি ২০ লাখ টাকা, ২০০৬-২০০৭ অর্থ বছরে ১৩০ কোটি ১৬ লাখ টাকা এবং ২০০৫-২০০৬ অর্থ বছরে ডাক বিভাগের লোকসান ছিল ১৪২ কোটি ৮৩ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২২১৮ ঘ.