২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইনে দাঁড়িয়েও চাল মিলছে না রংপুরে

চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় রংপুর শহরে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে চাল পাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

রংপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় রংপুর শহরে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে চাল পাচ্ছে না। খোলা বাজারের বিক্রি শেষ হওয়ার পর প্রতিদিনই কয়েকশ' লোক ফিরে যায় খালি হাতে। শহরের চাল বিক্রির প্রায় প্রতিটি ট্রাক ও দোকানে এই চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি। ভুক্তভোগীরা বলছেন, জনসংখ্যার তুলনায় ডিলারের সংখ্যা কম। তারা আরো ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন। অন্যদিকে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম। সে কারণে তাদের কিছু করার নেই। রংপুর শহরের বাজারগুলো ঘুরে দেখা গেছে, মোটা চাল বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা কেজি দরে। চিকন চাল ৪০ থেকে ৪৫ টাকায়। স্বল্প আয়ের মানুষ আর মধ্যবিত্তরা চালের এই উর্ধ্বমূল্যের কারণে বিপাকে পড়েছে। রংপুর খাদ্য বিভাগ জানায়, রংপুর শহরে ডিলার আছেন ১৫ জন। খোলা বাজারে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২৪ টাকা দরে। মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি চাল বিক্রি হয়। প্রতিজন ডিলার প্রতিদিন তিন মেট্রিক টন করে চাল বরাদ্দ পান। শহরের শাপলা চত্বর, কাচারী বাজার, মেডিকেল পূর্বগেট, স্টেশন বাজার, তাজহাট স্কুল মোড়, মাহীগঞ্জ বাজার, বাস টার্মিনাল, সিও বাজার, পৌরবাজার এবং লালবাগসহ আরো কয়েকটি এলাকায় চাল বিক্রি করা হয়। বুধবার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে বিশাল লাইন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ট্রাক থেকে চাল বিক্রি করার কথা থাকলেও ভোর থেকেই লোকজনকে লাইন ধরে অপেক্ষা করতে দেখা যায়। রংপুর পৌরবাজারে অবস্থিত খোলা বাজারে চাল বিক্রির দোকানে গিয়েও একই চিত্র দেখা গেছে। রিকশাচালক মমতাজ ও সালাম জানালেন, ভোর ৬টায় লাইনে দাঁড়িয়েছেন তারা। সকাল ৯ টা পর্যন্ত চাল মেলেনি। তারা আরো জানালেন, নির্ধারিত পাঁচ কেজি চাল খোলা বাজারে কিনতে লাগবে ২৪ টাকা কেজি হিসেবে ১২০ টাকা। আর বাজারে কিনতে গেলে লাগবে ৩৫ টাকা কেজি হিসেবে ১৬৫ টাকা। ৪০ থেকে ৫০ টাকা সাশ্রয় হবে- এ আশায় চাল নিতে এসে তারা অপেক্ষা করছেন। কখন চাল পাবেন তারা জানেন না। জোনাব আলী নামের একজন সরকারি কর্মচারী জানালেন, ছেলেকে সকাল ৭টায় চালের লাইনে পাঠিয়েছেন। সকাল ১০টা পর্যন্ত চাল মেলেনি। মুন্সিপাড়া মহল্লার আব্বাস আলী, মর্জিনা, আবেদ আলী, মনোয়ারা বেগম জানালেন ভোর সাড়ে ৫টায় লাইনে দাঁড়াতে পেরেছেন বলে চাল পাওয়া গেছে। তারা মনে করেন, চাল বিক্রির স্থান আরো অন্তত ১০টি বাড়িয়ে ২৫টি করা হলে অনেকেই চাল নিতে পারতো। ডিলার সংখ্যা আরো কমপক্ষে ১৫টি বাড়িয়ে ৩০টি করা দরকার বলেও জানালেন তারা। কয়েকজন শ্রমিক জানালেন, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করার পর দোকানে গেলে চাল পাওয়া যায় না। এমন অবস্থা হয়েছে চালের চেয়ে মানুষের সংখ্যাই বেশি। একজন ওএমএস ডিলার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিটি ডিলার যে বরাদ্দ পান তাতে ৬শ' জনকে চাল দেওয়া সম্ভব হয়। অথচ গড়ে ৭ থেকে ৮শ' লোক চাল কিনতে লাইনে দাঁড়ায়। ডিলারের সংখ্যা বাড়ালে এ সমস্যা অনেকটা লাঘব হতো বলে তিনি মনে করেন। এ ব্যাপারে রংপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম জানান, আগে ২৫ জন ডিলার ছিলো, এখন ১৫ জন। ডিলার আরো বাড়ালে ভালো হতো বলে তিনিও মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.