ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীর সঙ্গে আপসের পরামর্শ দেওয়ায় অভিযোগ ওঠায় বরগুনার বেতাগী থানার ওসি মো. শাহ আলম ও সহকারী উপ-পরিদর্শক মো. ফারুক হোসেনকে আগামী ১৫ ফেব্র"য়ারি আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন এ নির্দেশ দিয়েছে।
বুধবার দৈনিক প্রথম আলো পত্রিকায় 'মেয়েটির এসএসসি পরীক্ষা শেষ করা হবে না!' শীর্ষক খবর আদালতে নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেওয়া হয়।
আগামী ১৫ ফেব্র"য়ারি এই দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে বলা হয়।
আদালত একই সঙ্গে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে ঘটনার শিকার পরিবারকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।
হাইকোর্টের আইনজীবী শেখ আলী আহমদ খোকন সংবাদটি আদালতের নজরে আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, শামিম মৃধা নামের বখাটে ও তার সহযোগীরা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে গত দুই মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল।
গত বুধবার (২ ফেব্র"য়ারি) রাতে তারা ওই পরীক্ষার্থীর নামে অশালীন লিফলেট পরীক্ষার কক্ষসহ শহরে বিভিন্ন স্থানে বিলি করে।
ওই ঘটনায় পরদিন মেয়েটির বাবা বেতাগী থানায় সাধারণ ডায়েরি করেন।
বেতাগী থানার ওসি মো. শাহ আলম বলেন, সাধারণ ডায়েরিটি আদেশের জন্য আদালতে পাঠানো হয়েছে। থানার উপ-পরিদর্শক ফারুক হোসেনকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়।
মেয়েটির পরিবারের অভিযোগ, উপ-পরিদর্শক ফারুক হোসেন মেয়েটির পরিবারকে বখাটেদের সঙ্গে আপোষ করার পরামর্শ দেন।
বুধবার বিকালে ওই এসএসসি পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, তাকে উত্ত্যক্তকারী শামিম মৃধা ধরা পড়েনি। সবার সহযোগিতা পেলে সে বৃহস্পতিবারের পরীক্ষায় সে অংশ নিতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24