২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানীর বাড়িতে সমাবেশ করতে পারেনি কেউই

বিএসএফের গুলিতে নিহত ফেলানীর বাড়িতে সরকার সমর্থক ও বিরোধী- কোনো পক্ষকেই সমাবেশ করতে দেয়নি পুলিশ। সহিংসতা এড়াতে তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফের গুলিতে নিহত ফেলানীর বাড়িতে সরকার সমর্থক ও বিরোধী- কোনো পক্ষকেই সমাবেশ করতে দেয়নি পুলিশ। সহিংসতা এড়াতে তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। গত ৭ জানুয়ারি ভারত থেকে দেশে ঢোকার পথে সীমান্তে কাঁটাতারে আটকে পড়া কিশোরী ফেলানীকে গুলি চালিয়ে হত্যা করে বিএসএফ। এ হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সমালোচনায় মুখর হয়। বিএনপি সমর্থিত সংগঠন 'দেশপ্রেমিক জনতা' বুধবার সকালে ফেলানীর বাড়িতে সমাবেশ আহ্বান করলে স্থানীয় আওয়ামী লীগও সেখানে সভা ডাকে। এরপর মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে মাইকিং করে প্রশাসন। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হক সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফেলানীর বাড়ির পার্শ্ববর্তী দক্ষিণ রামখানা রহমতিয়া দাখিল মাদ্রাসা মাঠ ও নাখারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমবেশ নিষিদ্ধ করা হয়। 'দেশপ্রেমিক জনতা'র সমাবেশে অংশ নিতে আসা নেতাদের কুড়িগ্রাম শহর থেকেই বের হতে দেয়নি পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, হামিদুল্লাহ খান, কবি আব্দুল হাই শিকদার, মুক্তিযুদ্ধের প্রজন্ম সভানেত্রী শামা ওবায়েদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাসহ বিএনপি নেতারা ফেলানীর বাড়ির পথে রওনা হলে পুলিশ তাদের আটকে দেয়। সহকারী পুলিশ সুপার মধুসুদন রায় সাংবাদিকদের জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেলানীর বাড়ির দিকে তাদের যেতে দেওয়া হয়নি। ফেলানীর বাড়িতে যেতে বাধা পাওয়ার পর স্থানীয় একটি হোটেল সংবাদ সম্মেলন করে 'দেশপ্রেমিক জনতা'। কবি আব্দুল হাই বলেন, "সরকারের পক্ষ থেকে ফেলানীর বাড়িতে গিয়ে কবর জিয়ারত, অনুদান প্রদান ও সমবেদনা জানানো হয়েছে। আমরাও কবর জিয়ারত, নগদ ২ লাখ টাকা অনুদান প্রদান ও সমবেদনা জানাতে এসেছিলাম। আমাদের সেখানে যেতে বাধা দিয়ে অধিকার হরণ করা হয়েছে।" "এ সরকার জংলী শাসক। সামরিক শাসনের বর্বরতাকেও হার মানিয়েছে তারা", বলেন তিনি। এদিকে ফেলানীর বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে ফুলবাড়ীর বেড়াকুটি বাজারে বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। অন্যদিকে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে জেলা ছাত্রলীগ দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ফেলানীকে ইস্যু করে বিএনপির নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার করছে বলে অভিযোগ করে ছাত্রলীগ নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৩০ ঘ.