২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠছে বই মেলা

নতুন বইয়ের মোড়ক উম্মোচন আর অটোগ্রাফ মজলিসে লেখক-বইপ্রেমীদের আড্ডা মিলিয়ে জমে উঠতে শুরু করেছে একুশের গ্রন্থমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বইয়ের মোড়ক উম্মোচন আর অটোগ্রাফ মজলিসে লেখক-বইপ্রেমীদের আড্ডা মিলিয়ে জমে উঠতে শুরু করেছে একুশের গ্রন্থমেলা। মঙ্গলবার মেলার অষ্টম দিনে স্টলগুলোতে রয়েসয়ে বই দেখার সুযোগ পাওয়া গেলেও মোড়ক উম্মোচন মঞ্চের আশেপাশে দাঁড়াতে গেলে 'সামান্য ধাক্কাধাক্কি' মেনে নিতেই হয়েছে। বই মেলার এই আনন্দযজ্ঞে শরিক হওয়ার লোভ সামলাতে না পেরে জরুরি কাজ ফেলেও চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন সাহিত্যিক ও ভাষাবিদ ড. মাহবুবুল হক। এবারের বই মেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভিড় দেখে মনে হচ্ছে মেলা এবার জমতে শুরু করেছে।" নতুন বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান, প্রিয় লেখকদের সঙ্গে আড্ডা আর অটোগ্রাফ শিকারীদের ভিড়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "তথ্য প্রযুক্তির বিপ্লব হোক আর যে যাই বলুক- বইয়ের কোনো বিকল্প হতে পারে না।" ভিড় ঠেলে নতুন বইয়ে প্রিয় লেখকের অটোগ্রাফ নিয়ে ফেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া শারমিন বললেন, "বিকাল হলেই প্রতিদিন মেলায় চলে আসি। আজ মনে হয় ভিড় বেড়েছে। মেলার গেটে লাইনেই আধ ঘণ্টা লেগেছে।" মমতাজ রহমানের লেখা 'কালো কাফন' ও পারভেজ বকুলের 'ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এন্ড হিউম্যান রাইটস' এর মোড়ক উম্মোচন করতে মেলায় এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বললেন, "সাহিত্যিক লেখক ও গুণীজনদের প্রতি মানুষের আগ্রহ আর শ্রদ্ধা দেখে আমি অভিভূত।" এদিন প্রাবন্ধিক শামসুজ্জামান খানের 'রবীন্দ্রনাথের বাংলাদেশ, বাংলাদেশর রবীন্দ্রনাথ' বইয়ের উপর আলোচনায় অংশ নেন শাহেদ রহমান, মোরশেদ শফিউল হাসান ও আহমাদ মাযহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিল্লুর রহমান সিদ্দিকী। অস্টম দিনে বইমেলাই নতুন বই এসেছে ৬৬টি। মোড়ক উম্মোচিত হয়েছে ১১টি বইয়ের। আট দিনে বইমেলায় মোট ৬১৭টি নতুন বই এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/২২১৮ ঘ.