চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থেকে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব মাইকেল চাকমাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে পাহাড়তলীর বণিকপাড়ার একটি বাসা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুইশ'টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর মেজর খুরশিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে বণিকপাড়ায় আদিবাসী কয়েকজন তরুণের একটি ভাড়া বাসা থেকে মাইকেল চাকমাকে (৩২) গ্রেপ্তার করা হয়।
রাঙ্গামাটি ছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে র্যাব কর্মকর্তা জানান।
এদিকে মঙ্গলবার বিকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউপিডিএফ ও জেএসএস (সংস্কার)-এর মধ্যে সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ২১ জানুয়ারি রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের পাহাড়িদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। একইদিন কাপ্তাই উপজেলায় প্রতিপক্ষের গুলিতে মারা যান আরো একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24