ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারের মীরবাগ এলাকায় একটি বাড়িতে মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণ ঘটেছে।
এ ঘটনায় তিন নারীকে আটক করেছে পুলিশ। তারা পুলিশকে জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে তিন জন পালিয়ে গেছে।
রমনা থানার ওসি শিবলী নোমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাঁন ভিলা নামের পাঁচতলা ওই ভবনের পঞ্চম তলায় রাত ৯টার দিক বোমা বিস্ফোরণ ঘটে।:
খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
এরা হলেন- রোজীনা আক্তার (২২), আঁখি আক্তার (২৬), সালমা আক্তার (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, বোমা বিস্ফারণের ঘটনায় তিন জন আহত হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে গেছে।
শিবলী নোমন বলেন, "ওই বাড়িতে অবৈধ কর্মকাণ্ড ও জুয়া খেলা চলতো বলে আমরা খবর পেয়েছি। এ ঘটনায় কোনো সন্ত্রাসী দলের সম্পৃক্ততা থাকতে পারে।"
বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২২৫৮ ঘ
bdnews24