কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
সোমবার তার বাবা বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন।
আগেরদিন দুপুরে আত্মহত্যা করে উপজেলার ঘোগাদহের বানিজ উদ্দিনের মেয়ে ইসমত আরা। সে ঘোগাদহ মালেকা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিলো।
তার পরিবারের অভিযোগ, গত ২৭ জানুয়ারি পাশের ছাতুয়াটারি গ্রামের এরশাদ হোসেন (২৪) তাকে ধর্ষণ করে। এরপর স্থানীয় প্রভাবশালীরা বিয়ের আশ্বাস দিয়ে তাদের মামলা করা থেকে বিরত রাখে।
কিন্তু ঘটনার নয়দিন পর বিয়ের বিষয়টি ভেস্তে গেলে ইসমত আরা লজ্জায়-ঘৃণায় আত্মহননের পথ বেছে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ময়না তদন্ত শেষে ইসমত আরার লাশ সোমবার বিকালে দাফন করা হয়েছে।
লাশ বাড়িতে পৌঁছালে ঘোগাদহ গ্রামে শোকের ছায়া নেমে আসে। এলাকার শোকার্ত মানুষ তাদের বাড়িতে ভিড় করে। তারা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের সামনে অভিযুক্ত এরশাদসহ এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
বিদ্যালয়ের ক্লাস বাতিল করে শোকসভা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সেকেন্দার আলীর সরদারের সভাপতিত্বে শোকসভা হয়। সভায় বিশেষ মোনাজাতও করা হয়।
শোকসভা শেষে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সবাই ইসমত আরার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে সান্ত্বনা দেয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বানিজ উদ্দিন আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে এরশাদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দীনবন্ধু শীলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিরা পালিয়ে গেছে বলে ওসি জানান।
ঘোগাদহ এলাকায় গিয়ে জানা গেছে, বানিজ উদ্দিন একজন দিনমজুর। স্ত্রী মরিয়ম বেগম ও সন্তান মতিয়ার, বালিকা, ইসমত আরা, বিউটি, বিজলী ও মুজিবুলকে নিয়ে আটজনের সংসার। ইসমত ছিলো তৃতীয় সন্তান।
মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসমত আরা উপ-বৃত্তির টাকা এবং শিক্ষকদের সহযোগিতায় লেখাপড়া করতো। রোববার যথারীতি সে ক্লাস করেছে।
ইসমতের মা মরিয়ম বেগম জানান, বিয়ের প্রলোভন দিয়ে তার মেয়েকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরশাদ। এ ঘটনা জানার পর মামলা করতে গেলে ইউপি সদস্য দীনবন্ধু ও কালামসহ কয়েকজন ভয়ভীতি দেখায় এবং বিয়ের প্রতিশ্র"তি দিয়ে মামলা করতে দেয়নি।
পরে ৬০ হাজার টাকা দেওয়ার কথা বলে জোর করে সাদা স্ট্যাম্পে তার স্বামীর সই নেয়। এই কথা শুনে তার মেয়ে স্কুল থেকে এসে কিছু না খেয়ে সবার অগোচরে আত্মহত্যা করে।
তিনি বলেন, "বাহে যার জন্যে মোর ছওয়া মরিল তার বিচার চাং।"
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর পরিবারের লোকজন ও এলাকাবাসীর জবানবন্দি গ্রহণ করেন। উপস্থিত সবাই এরশাদ ও তার পরিবারের কুকর্মের বর্ণনা দেন।
এরশাদ হোসেন ছাতুয়াটারি গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে। ঘোগাদহ বাজারে সাইকেল পার্টস বিক্রির ব্যবসা করেন তিনি। ধর্ষণের ঘটনার পর থেকে তিনি আর দোকান খোলেননি বলে স্থানীয়রা জানায়।
সোমবার তার বাড়িতে গিয়ে দেখা যায়- কেউ নেই। চারটি ঘরের সবগুলোতে তালা ঝুলছে। পাশে তার চাচাতো ভাই কালামের বাড়ি। সেখানেও কেউ নেই। সব ঘরে তালা ঝুলছে।
ঘোগাদহ বিদ্যালয় লাগোয় ইউপি সদস্য দীনবন্ধুর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনিও বাড়িতে নেই। তার স্ত্রী বীণা রাণী শীল জানান, রোববার দুপুরের পর থেকে তিনি আর বাড়িতে আসেননি। কোথায় আছেন তিনি জানেন না। তার মোবাইল ফোনও বন্ধ।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি দুঃখজনক। ধর্ষণে শিকার এবং বিয়ে না হওয়ার লজ্জায় কিশোরীটি আত্মহত্যা করেছে- প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
এসপি জানান, তিনি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24