২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সার্ক গণতন্ত্র সনদ' চূড়ান্ত করার সুপারিশ

সার্ক গণতন্ত্র সনদ বা চার্টার অব ডেমোক্রেসি চূড়ান্ত করার সুপারিশ করেছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রসচিবরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক গণতন্ত্র সনদ বা চার্টার অব ডেমোক্রেসি চূড়ান্ত করার সুপারিশ করেছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রসচিবরা। রোববার ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হওয়া সার্ক স্থায়ী কমিটির দুই দিনব্যাপী বৈঠক থেকে এ সুপারিশ করা হয়। সচিব পর্যায়ের এই বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর আন্তঃবাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্থায়ী কমিটির এই বৈঠক শেষে মঙ্গলবার থিম্পুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত এপ্রিলে ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে 'সার্ক গণতন্ত্র সনদ' গ্রহণের প্রস্তাব করে বাংলাদেশ। এরপর ২০১০ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় আন্তঃসরকার বৈঠকে সার্ক গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত করা হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সার্কের স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পূণাঙ্গ কার্যক্রম শুরু এবং সাউথ এশিয়া ফোরাম গঠনেরও সুপারিশ করেন সচিবরা। এতে বলা হয়, এ অঞ্চলের মানুষের প্রয়োজন বিবেচনা করে সার্ক উন্নয়ন তহবিলের (এসডিএফ) মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছেন সচিবরা। বাংলাদেশের পক্ষ বৈঠকে আন্তঃবাণিজ্য বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয় এবং সাফটার অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এ প্রস্তাব তুলে ধরেন। সার্কের অন্য সদস্য দেশ আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রসচিবরাও এ বৈঠকে অংশ নেন। সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ আরো বাড়ানোর পাশাপাশি জনগণের সম্পর্ক নিবিড় করার ওপর গুরুত্ব দিয়ে মিজারুল কায়েস বলেন, এ জন্য সার্কভুক্ত দেশগুলোর ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। একই সঙ্গে সার্ক ফুড ব্যাংককে কার্যকর করা এবং বীজ ব্যাংক গঠনের বিষয়টি চূড়ান্ত করার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৯১৪ ঘ.