ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবন ও শিশু একাডেমির অধীনে থাকা পঞ্চান্ন একর জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসাবে কেন ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে তা জানাতে হবে।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতের আদেশে শিশু একাডেমীর পরিচালক ও সড়ক ভবনের প্রধান প্রকৌশলীকে বিবাদি হিসেবে পক্ষভুক্ত করা হয়েছে।
এদিন আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
গত ৩১ জানুয়ারি আসাদুজ্জামান সিদ্দিকি ও আক্কাসউদ্দীন ভূঁইয়া নামের দুই ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জরিপের মাধ্যমে সুপ্রিম কোর্টের সম্পত্তি চিহ্নিত করা ও সীমানা নির্ধারণের বিষয়ে একটি রুল জারি করে হাইকোর্ট।
রুলে কার্যকরভাবে সম্পত্তি রক্ষা ও ব্যবস্থাপনার নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানাতে বলেন আদালত।
একই সঙ্গে আদালত ১০ দিনের মধ্যে আইন সচিব, যোগাযোগ সচিব, ভূমি সচিব, গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ভূমি ও জরিপ অধিদপ্তরের ডিজি, ঢাকার জেলা প্রশাসক (ডিসি) এবং সহকারী কমিশনার ভূমিকে (এসি ল্যান্ড) রুলের জবাব দেওয়ার নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এএল/কেএমএস/১৯৫৫ ঘ.
bdnews24