ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে চার জন নিহত হওয়ার ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন (এফআইআর) দাখিলে দেরি করার কারণ জানাতে সীতাকুণ্ড থানার ওসিকে তলব করছে হাইকোর্ট।
এ জন্য আগামী ৬ মার্চ ওই থানার ওসি নূর মোহাম্মদকে আদালতে হাজির হতে হবে। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেয়।
একইসঙ্গে সীতাকুণ্ডের ওই জাহাজের মালিক প্রতিষ্ঠান ম্যাক ইন্টারন্যাশনাল কর্পোরেশনের মালিক আবুল কাশেম মাস্টারকেও ওইদিন হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার আবুল কাশেম মাস্টারের পক্ষে তার আইনজীবীরা আদালতে ক্ষমা প্রার্থনা করেন। আইনজীবীরা তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইলে আদালত বলে, "চার চারটা মানুষের জীবন নষ্ট করে নতুন কিছু চাওয়া যায় না।"
একই সময়ের মধ্যে ওই ঘটনায় নিহত চার ব্যক্তির ময়না তদন্ত প্রতিবেদন ও চট্টগ্রাম বন্দর কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
জাহাজ মালিকদের উদ্দেশে আদালত বলে, "লোভের একটা সীমা থাকা উচিত। মানুষকে পণ্য বা পশুর মতো ব্যবহার করা ঠিক নয়।"
গত ১৮ জানুয়ারি সীতাকুণ্ডের শীতলপুরে ওই কারখানায় পরিত্যক্ত জাহাজ কাটার সময় বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হলে হাইকোর্ট পরদিন কারখানাটির বিরুদ্ধে স্বতপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করে এবং কারখানা মালিককে তলব করে।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির পক্ষে ছিলেন ইকবাল কবির লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৩২৩ ঘ.
bdnews24