নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে গত দেড়মাসে কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার করা হয়েছে চুরি হওয়া এক ভরি স্বর্ণ ও ১০ ভরি রূপার অলঙ্কার এবং সাত হাজার টাকা। এছাড়া তালা কাটার একটি বড় যন্ত্রও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হয়েছেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেলিম মিয়া, শহরের চাঁদমারী এলাকার গরীবউল্লাহ, শহীদ জামান, স্বর্ণ ব্যবসায়ী বন্দর এলাকার মনোরঞ্জন বিশ্বাস ও লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার মনির হোসেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।
থানার ওসি আকতার হোসেন বলেন, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জ থেকে মন্দিরে চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শহরের টানবাজার জিউর আখড়া, কালীর বাজারে কালি মন্দির, শীতলক্ষ্যা এলাকার সত্য নারায়ণ মন্দির ও ফতুল্লার একটি মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি করার কথা তারা স্বীকার করেছে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- শহরের তিনটি ও ফতুল্লার একটি মন্দির থেকে চুরি করা স্বর্ণালঙ্কার তারা বন্দর উপজেলার স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন সরকারের কাছে বিক্রি করে।
দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন মন্দিরে চুরি করে আসছিল বলে জানায়।
পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন বলেন, এই চোরের দল মন্দিরের চুরি করে একের পর এক সফল হওয়ায় বিভিন্ন মন্দিরে চুরির চালিয়ে যাচ্ছে।
সেলিম মিয়া, গরীব উল্লাহ ও মনির হোসনের বিরুদ্ধে দু'টি মন্দিরে ইতোপূর্বে চুরির ঘটনায় বন্দর ও মুন্সিগঞ্জ থানায় করা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
২৭ জানুয়ারি রাতে শহরের শীতলক্ষ্যা এলাকায় সত্য নারায়ণ জিউর মন্দিরের তালা ভেঙে তিন ভরি ওজনের একটি স্বর্ণের মূর্তি, দেড় ভরি ওজনের প্রতিমার অলঙ্কার, ছয় ভরি ওজনের রূপার চূড়া, প্রণামীর ৩০ হাজার টাকাসহ মন্দিরের তামা-কাসার জিনিসপত্র চুরি হয়।
২৩ জানুয়ারি ভোরে শহরের কালিরবাজার কালী মন্দির থেকে প্রতিমার ৩১ ভরি স্বর্ণ ও ১০ ভরি রূপার অলঙ্কার চুরি হয়।
১০ জানুয়ারি টানবাজার জিউর আখড়া, গতবছরের ১৯ ডিসেম্বর শহরের আমলাপাড়া এলাকার লক্ষ্মী জনার্দন বালা জিউর আখড়া মন্দির, ২৮ ডিসেম্বর শহরের দেওভোগ জিউস পুকুর পাড় এলাকায় গৌর নিতাই আখড়া মন্দিরে চুরি ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24