২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গণপিটুনীতে নিহত ৩ জনের লাশ হস্তান্তর

বাগেরহাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির পর গণপিটুনিতে নিহত পাঁচ জনের মধ্যে তিন জনের লাশ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির পর গণপিটুনিতে নিহত পাঁচ জনের মধ্যে তিন জনের লাশ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অপর দুই জনের লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত পাঁচজনের সবাই খুলনা শহরের বাসিন্দা। ওই ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, নিহত আহম্মদ আলী খাঁর (৪০) লাশ তার স্ত্রী রেহেনা খাতুনের কাছে; মো. ইমরানের (২২) লাশ তার মা জয়নব খাতুনের কাছে এবং হাফিজুর রহমানের (২৫) লাশ তার মা হাসিনা বেগমের কাছে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাট শহরের শালতলা এলাকায় গ্রামীণফোনের পরিবেশক বিভা এন্টারপ্রাইজে ডাকাতি হয়। ডাকাতরা ওই প্রতিষ্ঠানের অন্যতম স্বত্তাধিকারী মনিরুল ইসলামকে জখম করে প্রায় পঁচিশ লাখ টাকা লুটে নেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় জনতা তাদের ধরে পিটুনি দিলে পাঁচজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তদন্ত কর্মকর্তা বলেন, "গণপিটুনিতে নিহতদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও তারা সবাই খুলনা শহরের বাসিন্দা। এদের মধ্যে আহম্মদ আলী খার বাড়ি খালিশপুরের বাস্তুহারা কলোনিতে, মো: ইমরানের বাড়ি গোবরচাকা গাবতলা মোড়ে এবং হাফিজুর রহমানের বাড়ি গল্লামারী মোড়ে। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে থাকা মো. রিয়াজ উদ্দিন (২৫) এবং খান আফসার উদ্দিনের (৫০) বাড়ি খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকায়।" বাগেরহাট সদর হাসপাতাল মর্গ থেকে লাশ নেওয়ার পর নিহত তিনজনের স্বজনরা জানান, শনিবার সকালে সংবাদপত্রে নিহতদের নাম-পরিচয় দেখে তারা বাগেরহাটে আসেন। স্বজনদের দাবি, ওই তিনজন নির্দোষ। তাদের অপরাধের কোনো ইতিহাস নেই। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। নিহত আহম্মদ আলীর স্ত্রী রেহানা আক্তার জানান, তার স্বামী পুরানো লোহার ব্যবসা করতেন। মো: ইমরানের মা জয়নব বিবি জানান, তার ছেলে পেশায় টাইলস মিস্ত্রী। হাফিজুর রহমানের মা হাসিনা জানান, তার ছেলে প্লাস্টিকের দরজার ব্যবসা করতো। খুলনা শহরের পাওয়ার হাউস মোড়ে 'খুলনা ডোর সেন্টার' নামে একটি দোকানও আছে তার। পাওনা টাকা আদায়ের জন্য তিনি ওইদিন বাগেরহাটে এসেছিলেন বলে দাবি করেন তিনি। তবে ওইদিন তারা সবাই কেন বিভা এন্টারপ্রাইজে গিয়েছিলেন- সে বিষয়ে কিছু বলতে পারেননি স্বজনরা। এদিকে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গণপিটুনিতে নিহতদের সম্পর্কে তথ্য চেয়ে খুলনাসহ বিভিন্ন জেলায় বার্তা পাঠানো হলেও শনিবার পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১০৪ ঘ.