গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চান্দার বিলে বিমানবন্দর নির্মাণের দাবিতে শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন পরিষদ ও সূর্য সংগ্রাম ক্লাবের আয়োজনে উপজেলার বানিয়ারচরে ঢাকা-খুলনা মহাসড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন হয়।
এতে অংশ নেয় এলাকাবাসী ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আড়িয়ল বিলে বিমানবন্দর করতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী পদ্মার এপাড়ে বিমানবন্দর করার ঘোষণা দিয়েছেন। চান্দার বিলে বিমানবন্দর করা হলে প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলার জলিরপাড় থেকে বানিয়ারচরে গিয়ে শেষ হয়।
এদিকে কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিলে বিমানবন্দর নির্মাণের দাবি জানিয়ে ওই এলাকায় পোস্টার লাগানো হয়েছে।
কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপালগঞ্জে বিমানবন্দর করলে এলাকাবাসী সানন্দে এর জন্য জায়গা দেবে।
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে স্থানীয়দের সহিংস বিক্ষোভের পর গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবন্দর পদ্মার ওপারে হবে।
এদিকে আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল হওয়ায় তা চাঁদপুরের মাঝের চরে করার দাবি জানিয়েছে ওই চরের বাসিন্দারা।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ওই এলাকা সফর গেলে এলকাবাসী এ দাবি জানায়। মন্ত্রী তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯১১ ঘ.
bdnews24