২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বেলাল হোসেন গণবাহিনীর নেতা বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 03:33 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বেলাল হোসেন গণবাহিনীর নেতা বলে র‌্যাব জানিয়েছে। শনিবার ভোররাতে ভায়না গ্রামে 'বন্দুকযুদ্ধে' বেলালের মৃত্যু হয় বলে র‌্যাব ও পুলিশ জানিয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভায়না গ্রামের একটি মাঠে বোমা বিস্ফোরণের শব্দ শুনে রাত ৩টার দিকে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। ওই সময় পুলিশের একটি দলও যায় সেখানে। "ওই সময় চরমপন্থীরা র‌্যাব-পুলিশকে লক্ষ করে গুলি চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। ১৫ থেকে ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমপন্থিরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।" গুলিবিদ্ধ ব্যক্তিকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তি মৃত। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ফাঁড়ির অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন বেলালের পরিচয় নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণবাহিনীর ঝিনাইদহ জেলার নেতা বেলালের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, ৬ রাউন্ড গুলি, একটি বোমা, ফেনসিডিলের চারটি খালি বোতল এবং নগদ ৫ হাজার ৩৪১ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। বেলালের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে। তার বাবার নাম মো. রফিক উদ্দিন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজের অবস্থানের কথা জানানোর আট ঘণ্টার মধ্যে ঢাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হওয়ার পরদিনই ঝিনাইদহে বেলালের মৃত্যু হলো। দেশে ও বিদেশের মানবাধিকার সংগঠনগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে আসছে। এনিয়ে অসন্তোষ জানিয়েছে উচ্চ আদালতও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি শুরু থেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী এবং তা বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাবে দেশে ২০১০ সালে ১২৭ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ১০১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩০ ঘ.