২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য রক্ষা পেল দ্রুতযান এক্সপ্রেস

নাটোরের বাসুদেবপুর রেল সেতুর কাছে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

নাটোর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বাসুদেবপুর রেল সেতুর কাছে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ট্রেনটির ইঞ্জিন রেললাইনের ওপর বড় পাথর খণ্ডের সঙ্গে হোচট খাওয়ায় ট্রেন লাইন থেকে ছিটকে পড়ার উপক্রম হয়। পাথরের আঘাতে ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক ফেটে তেল পড়তে শুরু করে। ওই পাথর খণ্ড রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছিলো বলে ট্রেন চালক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, সেটি সম্ভবত পাথর-সিমেন্টে তৈরি সিসি ব্লক। আব্দুল মান্নান জানান, বিকেল ৫টার দিকে বাসুদেবপুর রেল সেতু অতিক্রম করার পর পরই ইঞ্জিন ওই পাথরের সঙ্গে হোচট খায়। এ সময় বিকট শব্দ হয় এবং ইঞ্জিন ও ১০টি বগি লাইন থেকে ছিটকে পড়ার উপক্রম হয়। বিকট শব্দ করে ট্রেনটি টালমাটাল অবস্থায় চলতে থাকে। যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। এ অবস্থায় ট্রেনটিকে নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করে থামানোর জন্য গতি কমিয়ে দেওয়া হয়। কিছুদূর গিয়ে ট্রেন থেমে যায়। ইঞ্জিন থেকে নেমে দেখা যায়, ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক ফেটে তেল বের হয়ে যাচ্ছে। এ সময় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর কর্তৃপক্ষের নির্দেশে ওই অবস্থাতেই ট্রেনটি ধীরে ধীরে চালিয়ে নাটোর রেল স্টেশনে নিয়ে আসা হয়। এই ঘটনায় ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ট্রেনের যাত্রী আবু তালেব বলেন, "আমি দমকল বাহিনীর একজন কর্মী। আসন না পাওয়ায় ইঞ্জিনে চালকের কক্ষে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ট্রেনটি হোচট খায়। চালক অত্যন্ত দৃঢ়তার সাথে ট্রেন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।" ট্রেন চালক আব্দুল মান্নান বলেন, "বড় ধরণের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। মনে হচ্ছিল ট্রেনটি পড়ে যাবে। লাইন থেকে ছিটকে মাঠের মধ্যে গিয়ে পড়বে।" তিনি বলেন, "এত বড় পাথর খণ্ড কিভাবে রেল লাইনের উপর এলো তা ভেবে পাচ্ছি না। এটা কোন ষড়যন্ত্র কি না তা তদন্ত করে দেখা দরকার।" তিনি জানান, বিকল্প ইঞ্জিন নিয়ে আসার জন্য খবর দেওয়া হয়েছে। ইঞ্জিন এলে ট্রেনটি নাটোর থেকে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২৬ ঘ.