দিনাজপুর, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের কাহারোল উপজেলার একটি গ্রামের বাজারে দুই ব্যবসায়ীর সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছে।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে নিজাম আলী নামের এক ব্যক্তি ডিম কেনার জন্য শুখানদিঘী বাজারে মফিজুল ইসলামের দোকানে যায়। এসময় বাজারের অপর একজন দোকানদার মাইজার আলী চিৎকার করে তাকে ওখানে ডিম কিনতে নিষেধ করে।
এতে মফিজুল ও মাইজার আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। এসময় দুই দোকানদারের পক্ষের লোকরাও সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে মফিজুল ইসলামের দোকান ভাংচুর করা হয়।
এর জের ধরে শুক্রবার সকালে মাইজার আলীর দোকানও ভাংচুর করা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হচ্ছে বলরামপুর গ্রামের মনিরুল ইসলাম, ফজলুল হক, কালি কাটনা গ্রামের কালু মিয়া, আতাউর রহমান, হালিম, সুরত আলী, আবুল হোসেন ও মফিজুল ইসলাম।
ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার আজিম আহমেদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কোন মামলা হয়নি। বিষয়টি মিমাংসা করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৫ ঘ.
bdnews24