২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের লাইনে মধ্যবিত্তরাও

চালের দামের ঊর্ধ্বগতির কারণে সরকারের ওএমএস কার্যক্রম এখন আর নিম্ন আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেকটা 'বাধ্য' হয়ে মধ্যবিত্তরাও লাইনে দাঁড়াচ্ছেন। জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দামের ঊর্ধ্বগতির কারণে সরকারের খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম এখন আর নিু আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। কম দামে চাল পাওয়ার আশায় অনেকটা 'বাধ্য' হয়ে মধ্যবিত্তরাও চাল কেনার লাইনে দাঁড়াচ্ছেন। গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। বৃহস্পতিবার মিরপুর-১ নম্বর সেকশনে গিয়ে দেখা যায়, ওএমএস-এর চাল কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন কয়েকশ' মানুষ। ঢাকার আমিন বাজারে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন ময়মনসিংহের মেরাজ আলী। মেয়ের জামাইয়ের বদলে তিনি নিজেই এসেছিলেন মিরপুর মাজারের সামনে ওএমএস এর চাল কিনতে। তিনি বলেন, "ভিড় অনেক বেশি। জামাইকে কাজে পাঠিয়ে তাই নিজেই চালের জন্য আসছি।" ডিলার আলমগীর হোসেন জানান, ওএমএস'র চাল বিক্রি হচ্ছে ২৪ টাকা দরে। একই মানের চাল বাজারে ৩৬ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে দাবি করেন তিনি। মিরপুর এলাকার ওই বিক্রয় কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা তিনটার দিকেই চাল বিক্রি শেষ হয়ে যায়। ভিড় বেশি থাকে বলে প্রতিদিনই অনেককে খালি হাতে ফিরতে হয়।" "সস্তায় চাল কেনার জন্য এখন মধ্যবিত্তরাও লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন", যোগ করেন তিনি। খাদ্য অধিদপ্তরের পরিচালনায় বর্তমানে ঢাকায় ১৭০টি ট্রাকে করে ওএমএস-এর চাল বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে প্রতিদিন তিন হাজার কেজি (তিন মেট্রিক টন) করে চাল বিক্রি করা হয়। একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারছেন। বাংলা কলেজের সামনে বৃদ্ধ শাশুড়িকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন গৃহবধূ লিপি আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পাঁচ কেজি চালে সংসার চলে না। তাই শাশুড়িকে সঙ্গে নিয়ে এসেছি।" ফকিরেরপুল কাঁচা বাজারের সামনে ওএমএস-এর চাল বিক্রির দায়িত্বে থাকা সহকারী খাদ্য উপ-পরিদর্শক লিটন কুমার সাহা বলেন, "কয়েক সপ্তাহ আগেও ভিড় কম ছিলো। চালের দাম কয়েক দফা বেড়ে যাওয়ায় ভিড়ও বাড়ছে। এখন মধ্যবিত্তরাও চাল কিনতে আসছেন।" চালের জন্য লাইনে দাঁড়ানো রিকশা চালক রবিউল এই প্রতিবেদককে বলেন, "যাগো টাকা আছে তারাও ওএমএস-এর চাল কিনতে আয়। এহন দেহা যায় আমরাই পাই না। আফনেই কন এহন কইথ্থিকা চাল কিনমু।" ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী শুক্রবার সাধারণ মানের সরু চাল ৪২ থেকে ৫২টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে একই চালের দাম ছিলো ৪০ থেকে ৫০ টাকা। মাঝারি চাল বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪২ এবং মোটা চাল ৩৫ থেকে ৩৭ টাকায়। টিসিবির হিসাবে চালের দাম গত এক বছরে ২৬ থেকে ৪৪ শতাংশ বেড়েছে। এদিকে, পরিস্থিতি সামল দিতে সরকার ঢাকা শহরে ওএমএস'র ট্রাক সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই একদিনের মধ্যে ওএমএস-এর চাল বিক্রির ট্রাকের সংখ্যা বাড়িয়ে ২০০ করা হবে। প্রয়োজনের এই সংখ্যা আরো বাড়ানো হবে। ওএমএস-এর চালের চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এছাড়া সারাদেশে 'ন্যায্য মূল্যের কার্ড' কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/জেকে/২১২১ ঘ.