ঢাকা, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেধাবিকাশ ও শিক্ষার উন্নয়নে লাইব্রেরিকে ই-লাইব্রেরিতে রূপান্তরিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে লাইব্রেরি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ল্যাপ) আয়োজিত 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে লাইব্রেরির ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
নহিদ বলেন লাইব্রেরিকে কীভাবে ডিজিটাইজড করা যায়- সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। বর্তমান সমাজ ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের লাইব্রেরিগুলোর গুণগত পরিবর্তন আনতে হবে।
"এক্ষেত্রে লাইব্রেরি হবে ই-লাইব্রেরি, বই হবে ই-বুক," বলেন তিনি।
সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার নির্মাণ করা হবে বলেও মন্ত্রী জানান।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সরকার গণগ্রন্থাগারের অবকাঠামো উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পদক্ষেপ নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং লাইব্রেরি অ্যাসোসিয়েশনের (ল্যাপ) সভাপতি নাসিরউদ্দিন মুন্সী এই সেমিনারে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬৩৭ ঘ.
bdnews24