২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গণপিটুনিতে চার ডাকাত নিহত

বাগেরহাট শহরে গ্রামীণফোনের পরিবেশক বিভা এন্টারপ্রাইজে বৃহস্পতিবার রাতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে চার ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 06:48 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরে গ্রামীণফোনের পরিবেশক বিভা এন্টারপ্রাইজে বৃহস্পতিবার রাতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে চার ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, ডাকাতদেও পিটুনিতে ওই প্রতিষ্ঠানের অন্যতম মালিক মনিরুজ্জামান মনি (৫২) আহত হন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের শালতলা এলাকায় সমবায় ভবনের দ্বিতীয় তলায় বিভা এন্টারপ্রাইজে ডাকাতরা হানা দেয়। তারা প্রায় ২৫ লাখ টাকা লুট করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা গণপিটুনির শিকার হয়। রাত ১১টার দিকে পুলিশ ওই ভবনের দোতালার সিঁড়ি এবং বিভা এন্টারপ্রাইজের অফিসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা চার ডাকাতকে মৃত ঘোষণা করেন। ওই পুলিশ কর্মকর্তা জানান, ডাকাতি হওয়া অর্থ উদ্ধার করা হয়েছে। বিভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শেখ আশিকুর রহমান জানান, বিকালের পর থেকেই তাদের কর্মীরা দিনের বিক্রি থেকে পাওয়া টাকা এনে জমা দিচ্ছিলেন। ক্যাশে তখন প্রায় ২৫ লাখ টাকা জমা ছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ ছয়জন সশস্ত্র যুবক তাদের কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে। প্রতিষ্ঠানের অন্যতম স্বত্ত্বাধিকারী মনিরুজ্জামান বাধা দিতে গেলে তাকে পিটিয়ে জখম করে ডাকাতরা। এক পর্যায়ে ডাকাতরা সব টাকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে কার্যালয়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরই ফাঁকে তাদের এক কর্মী বাইরে বেরিয়ে কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয় এবং চিৎকার করে মানুষ জড়ো করে। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে অফিস ভবন ঘিরে ফেলে এবং ভেতরে ঢুকে ডাকাতদের আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. আসাদুল্লাহিল গালিব জানান, রাত সোয়া ১১টার দিকে পুলিশ পাঁচ যুবককে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজন হাসপাতালে আনার আগেই মারা যায়। বাকি এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৪৫ ঘ.