রাজশাহী, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক চোরাকারবারিদের সহযোগিতা এবং মাদক গ্রহণের অভিযোগে পুলিশের রাজশাহী রেঞ্জের পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে তাদের প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জের উপ মহপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
উপ মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- পাবনার ঈশ্বরদী থানার ওসি (তদন্ত), নাটোরের লালপুর থানার ওসি, ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত), রংপুর সদর কোর্টের পরিদর্শক ও নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই)।
তবে তাদের নাম জানা যায়নি।
ডিআইজি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, গত পুলিশ সপ্তাহে পুলিশের অভিযানের মধ্যে মাদকবিরোধী অভিযানকে এক নম্বর অগ্রাধিকার হিসেবে নিতে বলা হয়েছে।
তারপর রাজশাহী রেঞ্জে মাদকবিরোধী অভিযান শুরুর পর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার ও বেশকিছু মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অভিযুক্ত পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে কেউ কেউ মাদক কারবারীদের সহযোগিতা এবং কেউ কেউ নিজেরাই মাদক গ্রহণ করতেন। দেড় মাস আগে তাদের সর্তক করা হয়েছিলো। ওই সময় থেকে তাদের পর্যবেক্ষণে রাখা হয়। সংশোধন না হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24