মৌলভীবাজার, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে পোষা হাতির আক্রমণে জুড়ী উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দীন আহমদের মৃত্যু হয়েছে।
জালাল উদ্দীন (৫৩) জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার শিলুয়া চা বাগানের শাপেরপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মুমিত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়ভাবে ভারি মালামাল পরিবহনের জন্য জালাল পোষা হাতিটি ব্যবহার করতেন। মঙ্গলবার থেকে বেপরোয়া আচরণ করায় বুধবার সকালে জালাল একজন মাহুত নিয়ে হাতিটি ধরতে শিলুয়া চা বাগানে যান।
জালাল হাতিটিকে ধরার জন্য নাম ধরে ডাক দিলে হাতিটি ছুটে এসে জালালের বুকের উপর উঠে দাঁড়ায় এবং শুঁড় দিয়ে মাটিতে আছাড় দেয়।
হাতিটি রাস্তায় উঠে একটি যাত্রীবিহীন বাস ও একটি প্রাইভেটকার ভাংচুর করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জুড়ীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর জালালের মৃত্যু হয়।
মুমিত আরো বলেন, বিকালে বন বিভাগের রেঞ্জারের উপস্থিতিতে হাতিটিকে গুলি করা হলে গুলিবিদ্ধ অবস্থায় সেটি পাহাড়ের ভেতর চলে যায়। আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০০ ঘ.
bdnews24