পাবনা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সাঁথিঁয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
বেড়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট এই আদেশ দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নির্বাচনী এলাকা সাঁথিয়ার এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই তিন পুলিশ কর্মকর্তা হলেন- সাঁথিঁয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম, বেড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ও সহকারী পরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের জানান, সাঁথিঁয়া থানার ওসিকে পাবনা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বেড়া থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সত্যতাও নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অপহরণের ছয়দিন পর সোমবার সকালে বস্তাবন্দি অবস্থায় ঠিকাদার আল মামুনের লাশ উদ্ধার করে পুলিশ।
মামুন সাঁথিয়া উপজেলার আফরা গ্রামের আনছার আলীর ছেলে।
বেড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উপজেলার হরিরামপুর এলাকার নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যরা মামুনকে সনাক্ত করেন।
তিনি আরো জানান, মামুনকে অপহরণের পর সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৩ ঘ.
bdnews24