২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মামলায় আসামি কয়েক হাজার, শটগান উদ্ধার

শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার প্রতিটিতে ৬-৭ হাজার জনকে আসামি করেছে পুলিশ। সংঘর্ষের সময় পুলিশের খোয়া যাওয়া চারটি শটগানের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:59 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার প্রতিটিতে ৬-৭ হাজার জনকে আসামি করেছে পুলিশ। সংঘর্ষের সময় পুলিশের খোয়া যাওয়া চারটি শটগানের মধ্যে একটি উদ্ধার হয়েছে। আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় অর্ধশত। সোমবার রাতে মামলার পরপরই সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নামে বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ নিহতের ঘটনায় মামলার বাদি হয়েছেন শ্রীনগর থানার উপপরিদর্শক মোহাম্মদ ফরিদ, ছনবাড়ি এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় বাদি হয়েছেন থানার পরিদর্শক আব্দুল কুদ্দুস এবং হাসাড়া ফাঁড়িতে আগুন দেওয়ার মামলায় বাদি হয়েছেন ওই ফাঁড়ির সহাকারী উপপরিদর্শক আতাউর রহমান। প্রতিটি মামলায় আসামির সংখ্যা ৬ থেকে ৭ হাজার বলা হয়েছে। স্থানীয় সংগঠন 'আড়িয়াল বিল রক্ষা কমিটি'র আহ্বায়ক শাজাহান বাদলকে তিনটি মামলায়ই প্রধান আসামি করা হয়েছে বলে ওসি জানান। পুলিশ কর্মকর্তা সাখাওয়াত বলেন, সংঘর্ষের সময় পুলিশের যে চারটি শটগান খোয়া গিয়েছিলো, তার একটি পাওয়া গেছে। সোমবারের সংঘর্ষের পর মঙ্গলবারও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৭ ঘ.