গাজীপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনার জন্য দায়ী হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিল পাস করেছে রোভার মুটের ‘যুব সংসদ’।
গাজীপুর সদরের বাহদুরপুর গাজারী বন বেষ্টিত রোভার পল্লীতে শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের আদলে আয়োজিত হয় রোভার মুটের এ অধিবেশন। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
একজন স্পিকার, প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রীসহ সরকারি দলের নয় জন সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতা ও উপনেতাসহ সাত জন অধিবেশনে যোগ দেন।
স্পিকারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরার আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র মো. আসরাম খান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া জেরিন প্রধানমন্ত্রী, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র ইমতিয়াজ খান জীবন যোগাযোগমন্ত্রী, ঢাকার কবি নজরুল সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইয়াছিন খান চিফ হুইপ হিসেবে অধিবেশনে সরকার পক্ষে বক্তব্য রাখেন।
বিরোধী দলীয় নেতা ছিলেন গাজীপুরের মৌচাক ওপেন গার্ল ইন রোভারের নুসরাত জাহান রাণী, বিরোধী দলীয় উপনেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আলী আকবর ও হুইপের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আমিরুল ইসলাম।
প্রথমে যোগাযোগমন্ত্রী ইমতিয়াজ খান জীবন যুব সংসদে ‘সড়ক দুর্ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’ বিলটি উত্থাপন করেন। এরপর বিলের পক্ষে ও বিপক্ষে চলে যুক্তিতর্ক।
বিরোধী দল দুর্ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর সশ্রম কারাদ- এবং চালকদের প্রশিক্ষণের দাবি তুললে তা নাকচ হয়ে যায়।
পরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ‘হ্যা’ ভোটে বিলটি পাস হয়।
রেলমন্ত্রী রোভারদের উদ্দেশে বলেন, “পৃথিবীজুড়েই স্কাউট আন্দোলন রয়েছে। এর শিক্ষা শুধু শারীরিক সুস্থতার ব্যাপারটাই নিশ্চিত হয় না, জীবনের শৃঙ্খলা থেকে শিক্ষালাভ করে আগামী দিনের মানুষ হওয়ার বিষয়টিও দৃঢ় থেকে দৃঢ়তর করে।”
ডেপুটি মুট চিফ শামসুর রহমান শেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোভার মুট সচিব অধ্যাপক মনিরুজ্জামন, ড. নির্মল কান্তি মিত্র প্রমুখ।
‘আলোকিত জীবনের জন্য রোভারিং’-এই মূলমন্ত্রকে সামনে নিয়ে গাজীপুরের রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ছয় দিনব্যাপি সপ্তদশ রোভার মুট শুরু হয় ২৬ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24