২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনের আহ্বানে প্রস্তুত কক্সবাজার

খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে অধীর হয়ে আছে পর্যটন শহর কক্সবাজার। সৈকতের লোকারণ্যে দাঁড়িয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর চলছে বিপুল আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

কক্সবাজার, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে অধীর হয়ে আছে পর্যটন শহর কক্সবাজার। সৈকতের লোকারণ্যে দাঁড়িয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর চলছে বিপুল আয়োজন। বিভিন্ন অভিজাত আবাসিক হোটেলে থাকে কনসার্টের আয়োজন। পাশাপাশি একটি মোবাইল অপারেটর কোম্পানি এবার ওপেন এয়ার কনসার্ট করছে সমুদ্র সৈকতে। এদিকে পুলিশ কোনো ধরনের উচ্ছৃঙ্খলা সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। ৩১ ডিসেম্বর সকাল থেকে পুরো শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। শহরের কয়েকটি সড়কে গাড়ি নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। বেশ কয়েকবছর ধরে নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারে নানা আয়োজন চলে আসছে। এবারো তার ব্যতিক্রম নেই। রাত ১২টা ১ মিনিটে শুরু হয় হাজার হাজার উচ্ছল মানুষের উন্মাতাল আনন্দে ভেসে যাওয়ার প্রতিযোগিতা। প্রায় একমাস আগে থেকেই অগ্রিম বুকিং হয়ে আছে এই পর্যটন শহরের দেড়শতাধিক আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস। এবার থার্টিফাস্ট নাইট উদযাপনে এক লাখেরও বেশি মানুষ সমুদ্র সৈকতে সমবেত হবে বলে স্থানীয়রা ধারণা করছে। কক্সবাজার হোটেল-মোটেল জোনের ব্যবসায়ী আলী আহমদ সাংবাদিকদের জানান, এবার পর্যটন মৌসুমের শুরু থেকেই পর্যটন ব্যবসায় মন্দাভাব চলছিল। অধিকাংশ আবাসিক হোটেলই ছিল ফাঁকা। পর্যটকদের তেমন ভিড় ছিল না। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে কিছুটা মন্দাভাব কাটতে শুরু করে। পর্যটন সংশ্লিষ্টরা থার্টিফার্স্ট নাইটকে ঘিরে আশার আলো দেখছেন, বলেন তিনি। তার মতো আরেক পর্যটন ব্যবসায়ী আবদুল হাকিম জানান, প্রতিবছর থার্টিফাস্ট নাইটের একদিন আগে থেকেই কক্সবাজার পর্যটকের ভিড়ে ‘লোকারণ্য’ হয়ে যায়। এবারো আসতে শুরু করেছে। আশা করা হচ্ছে, বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন কক্সবাজারে অন্তত তিন লাখ পর্যটকের সমাবেশ ঘটবে, বলেন আব্দুল হাকিম। কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান সাংবাদিকদের জানান, ২০ ডিসেম্বরের পর থেকেই হোটেলে বুকিং দেওয়া শুরু হয়েছে। বিশেষ করে ৩০ ও ৩১ ডিসেম্বরের জন্য প্রায় সব হোটেলের কক্ষই আগাম বুকিং হয়ে আছে। তিনি বলেন, “এই সময়ে নতুন কাউকে কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। কক্সবাজার আসতে আগ্রহী অনেক পর্যটককে বুকিং দেওয়া সম্ভব হয়নি।” কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এসএম কিবরিয়া খান জানান, নতুন বছরকে স্বাগত জানাতে এবং পর্যটকদের বাড়তি আনন্দের জন্য হোটেল-মোটেল ও গেস্ট হাউসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কক্সবাজারে বেড়াতে ঢাকা থেকে আসা পর্যটক কবির আকবর খান এবং চট্টগ্রামের দম্পতি মোস্তাক আহমদ ও জোৎস্না আকতার জানান, সবার কাছ থেকে আরো একটি বছর বিদায় নেবে শনিবার। এ বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে যোগ দিতে কক্সবাজার এসেছেন তারা। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর শুক্রবার বিকালে সাংবাদিকদের জানান, থার্টিফাস্ট নাইট উদযাপনে সার্বিক নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের ১০টি পয়েন্টে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই এই তল্লাশি চলছে। তিনি বলেন, “থার্টিফার্স্ট নাইটে সবাই আনন্দ করতে পারবেন। কিন্তু সেই আনন্দ যেন উচ্ছৃঙ্খলতায় রূপ না নেয়। ওই সময় পুলিশ মাদক নিয়ন্ত্রণেরও সতর্ক ব্যবস্থা নিয়েছে।” পুলিশ সুপার আরো বলেন, শহরের চারটি বার ছাড়া অন্য কোথাও মদ পান করা যাবে না। অশ্লীল নাচ ও গান-বাজনা করলে পুলিশ ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.