ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, ওই ব্যক্তি পাওনাদারদের ভয়ে আত্মগোপন করে অপহরণের নাটক সাজিয়েছিলেন।
সাকের আহম্মেদ (৩২) নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লার হোটেল লালদীঘি থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাকের ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা। তিনি ব্যাংকে টাকা তুলতে গিয়ে অপহরণ হয়েছেন বলে গত ৭ ডিসেম্বর তার স্ত্রী পল্লবী থানায় মামলা করেছিলেন। এর পাশাপাশি ঘটনাটি র্যাবকেও জানান সাকেরের স্ত্রী। তখন র্যাব ঘটনার তদন্ত শুরু করে।
র্যাব জানায়, সাকের তার পাওনাদারদের টাকা ফেরৎ না দেওয়ার জন্য ‘নাটক’ সাজান।
“অপহরণের ঘটনাটি সত্যি করে তুলতে তিনি চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে স্ত্রীকে ফোন করে তার অ্যাকাউন্টে পাঁচ লাখ জমা দিতে বলেন। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও স্ত্রীকে ফোনে ও এসএমএসে জানান তিনি।”
তদন্ত করে সাকেরকে আটকের পর আসল ঘটনা জানা যায় বলে র্যাব জানিয়েছে।
সাকেরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৫১ ঘ.
bdnews24