ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক এম হামিদুল্লাহ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
এক শোকবাণীতে তিনি বলেছেন, একাত্তরের রণাঙ্গনের লড়াকু এই যোদ্ধার অবদান জাতি কখনোই ভুলবে না।
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হামিদুল্লাহ খান শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
বিএনপি চেয়ারপারসন বলেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে হামিদুল্লাহ খান জীবনবাজি রেখে স্বজাতির মুক্তির জন্য লড়াই করেছেন। পেশাগত জীবনে দক্ষতা, নিষ্ঠা এবং কর্তব্যপরায়ণ সেনা কর্মকর্তা হিসেবেও তার সুনাম ছিলো।
বিএনপির প্রতিষ্ঠাকালে প্রয়াতের অবদান স্বরণ করে খালেদা বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়ে তিনি (হামিদুল্লাহ খান) দলকে সুসংগঠিত করতে অসামান্য অবদান রেখেছেন, তা দল চিরদিন স্মরণ রাখবে।”
খালেদা জিয়ার প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বীর প্রতীক হামিদুল্লাহ খানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদও গভীর শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫০ ঘ.
bdnews24