২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির প্রতিবাদে সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত

বিজিবির প্রতিবাদে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবির প্রতিবাদে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী-জগদল সীমান্তে বিজিবি ও বিএসফের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে দু’দেশের সার্ভেয়ার ও প্রকৌশলীদের মাধ্যমে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপনের বিষয়টি চূড়ান্ত এবং কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার ব্যাপারে বিএসএফ রাজি হয় বলে বিজিবি জানিয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম এবং ভারতের পক্ষে ২৩ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক রাখেশ রঞ্জন লাল। লে. কর্নেল তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চাকলাগড় সীমান্তে বিএসএফ সদস্যরা কয়েকদিন আগে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি বাধা দেয়। তিনি বলেন, নিয়ম অনুযায়ী জিরো লাইন থেকে ১৫০ ফুট জায়গা ছেড়ে দিয়ে ভারতীয় এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়। কিন্তু কোনো কোনো স্থানে তারা কম জায়গা ছেড়েছে। বৈঠকের পর থেকে বেড়া নির্মাণের কাজ বন্ধ রয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান। স্থানীয় সার্ভেয়ার আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত নোম্যান্স ল্যান্ডের অভ্যন্তরে প্রায় ২৬ ফুট জায়গা দখল করে সীমানা পিলার নির্মাণ করছে দেখে তিনি স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলামকে বিষয়টি লিখিতভাবে জানান। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, তিনি সংসদ সদস্যের কাছ থেকে সার্ভেয়ারের লিখিত অভিযোগটি পেয়ে বিজিবি বরাবর পাঠিয়ে দিয়েছেন। পরে বিজিবি বিএসএফ’র কাছে প্রতিবাদ পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪২ ঘ.