ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক নিখিল ভদ্র বুধবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে।
এদিন রাতে গ্রেপ্তার করা হয় দুর্ঘটনায় সংশ্লিষ্ট বাসের চালককে।
পল্লবী থানার ওসি শাহাবুদ্দিন জানান, রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে চালক সোহেল রানাকে (২২) গ্রেপ্তার করা হয়। তাকে পল্লবী থানায় আটক রাখা হয়েছে।
সকালে দুর্ঘটনার পর জাতীয় প্রেসক্লাবের সামনের তোপখানা রোড পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে সাংবাদিকরা। তারা বিআরটিসির ওই বাসের চালককে গ্রেপ্তারের দাবি জানান।
সাংবাদিকদের শান্ত করতে বিকালে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে তোপের মুখে পড়েন। জ্যেষ্ঠ সাংবাদিকরা তখন তাকে প্রেসক্লাবে সরিয়ে নেন।
তথ্যমন্ত্রী প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, এই ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে এক জন সাংবাদিক প্রতিনিধিও থাকবেন। অন্য তিন প্রতিনিধি থাকবেন সরকার, বিআরটিসি ও বিআরটিএ থেকে।
তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, নিখিলের চিকিৎসার ব্যয় সরকার নেবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেসক্লাবের সামনে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির যাত্রিবাহী একটি বাস সাংবাদিক নিখিলকে ধাক্কা দেয়।
নিখিলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিখিলের ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে। তিনি বাঁ পায়েও আঘাত পেয়েছেন।
নিখিল আহত হওয়ার পর দুপুর ১২টা থেকে সাংবাদিকরা সড়কে অবস্থান নেয়। বিকাল সোয়া ৫টা পর্যন্ত সড়কে ছিলেন তারা। এই কারণে ওই সড়কে গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় অন্য সড়কগুলোতে ছিলো যানজট।
বিকালে অবরোধ প্রত্যাহারের সময় বিক্ষুব্ধ সাংবাদিকদের পক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে বাসচালক গ্রেপ্তার এবং তার শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
নিখিল (৪০) কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক। খুলনার বাসিন্দা নিখিল সাংবাদিকতা শুরুর আগে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং খুলনা জেলার সভাপতি ছিলেন তিনি।
সাংবাদিক নেতাদের সঙ্গে মন্ত্রীর বৈঠক
নিখিলের আহত হওয়ার ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে এক বৈঠকের পর তিনি এই আশ্বাস দেন বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও রিপোর্টার্স ইউনিটির নেতারা বৈঠকে ছিলেন।
দুর্ঘটনা তদন্তে যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তাতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে থাকছেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। কমিটির অন্য তিন জন হলেন- যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক জন, বিআরটিসির এক জন এবং বিআরটিএর এক জন করে কর্মকর্তা।
কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বাসের চালক ও অন্যদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, ডিইউজের অন্য অংশের সভাপতি আবদুস শহীদ, ডিআরইউ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিখিল ভদ্রের সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বিদেশ পাঠানোর আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।
প্রেসক্লাবের সামনে থেকে বাস স্টপেজ তুলে নেওয়া এবং ফুট ওভারব্রিজ তৈরির নির্দেশও মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএম/এমআই/পিডি/০০০৮ ঘ.
bdnews24